চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল (Luv Agarwal)। শুক্রবার নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে লব লেখেন, “সবাইকে আমি জানাতে চাই, আমি করোনা আক্রান্ত হয়েছি। গাইডলাইন অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছি আমি। আমি সব বন্ধু ও সহকর্মীদের বলছি নিজেদের খেয়াল রাখুন। স্বাস্থ্যমন্ত্রকের দলের তরফে সংক্রমণের উৎস খুঁজে বের করা হবে। সবার সঙ্গে শিগগির দেখা হবে।”
বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর এই আক্রান্ত হওয়ার খবরে কিছুটা অস্বস্তি ছড়িয়েছে স্বাস্থ্যমন্ত্রকে। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মানুষের ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিলেন লব আগরওয়াল। লাগাতার কয়েক মাস প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠক করে দেশের করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি প্রসঙ্গে অবগত করাতেন তিনি। সংক্রমণ কী ভাবে ছড়াচ্ছে, দেশে আইসিইউ বেডের সংখ্যা কত, কী ভাবে নমুনা পরীক্ষা হচ্ছে, কেন্দ্র কী ভাবছে, সেই সংক্রান্ত সব খবর দেশের মানুষকে দিতেন ১৯৯৬ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার লব আগরওয়াল। সেই লব আগরওয়াল এবার করোনায় আক্রান্ত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news