চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তান ও চিনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৭৪তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “এত বিপর্যয় সত্ত্বেও সীমান্তে দেশের শক্তিকে চ্যালেঞ্জ করার খারাপ প্রয়াস করা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণরেখা থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পর্যন্ত যারা দেশের সার্বভৌমত্বের ওপর চোখ তুলে তাকিয়েছে, আমাদের সেনারা তার জবাব দিয়েছে। আমাদের সেনারা কি করতে পারে, লাদাখে গোটা বিশ্ব তা দেখেছে। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় পুরো দেশ উদ্যোগী।”



একইসঙ্গে তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ হোক বা সম্প্রসারণবাদ, ভারত আজ জোরের সঙ্গে লড়াই করছে। আমি দেশের সাহসী জওয়ানদের এর জন্য শ্রদ্ধা জানাই।” পাশাপাশি এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ওপর জোর দেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে বলে তিনি দাবি করেন। করোনার বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, সেই স্বাস্থ্যকর্মীদেরও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত জিতবে বলে তিনি বিশ্বাস করেন।



Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news