নীল রায়।
প্রশান্ত কিশোরের আগমনী বার্তা তৃণমূলের অন্দরে আতঙ্ক ছড়িয়ে ছিল যে প্রায় একশর বেশি বিধায়কের টিকিট না দেওয়ার সুপারিশ তৃণমূল নেত্রীকে করবেন তিনি। ২০১৬ সালের তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে পরাজিত প্রার্থীরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন তেমনটাই। সেই বিভ্রান্তি কাটাতে মঙ্গলবার বিকেলে তৃণমূল ভবনে সেই সমস্ত পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পরাজিত প্রার্থীদের আশ্বাস দেওয়া হয় জনপ্রতিনিধি না হলেও তাদেরকেই সংশ্লিষ্ট বিধানসভায় প্রাধান্য দেবে দল। হেরো নেতাদের আস্থা অর্জনের জন্য এদিন সভায় বক্তৃতা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের হাতে থাকা বিধানসভাগুলিতে “দিদিকে বলো” কর্মসূচি ঠিকঠাক পালন করা হলেও। যেখানে তৃণমূল বিধায়ক নেই, সেইসব এলাকায় হেরো প্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে দল। সেই বার্তাই এদিন হেরো প্রার্থীদের দেওয়া হয়েছে। সূত্রের খবর, যে সমস্ত এলাকায় তৃণমূলের বিধায়ক নেই, সেখানকার জমি যাতে বিন্দুমাত্র আলগা না হয়, সেই কারণেই এমন উদ্যোগ নিতে বলেছেন পিকে। তেমনই এক বিধায়কের কথায়, আমাদের দিদির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। তবে বিধানসভার টিকিট নিয়ে কোনও আলোচনা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news