নিজস্ব সংবাদদাতা:
খড়্গপুর, ৩ নভেম্বর: দীর্ঘদিন ছুটি না পেয়ে অবসাদে আত্মঘাতী হলেন এক লোকো পাইলট। বেশ কিছুদিন ধরেই ছুটি চাইছিলেন দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার লোকো পাইলট গুড্ডু কুমার। কিন্তু আধিকারিকরা কিছুতেই তাঁর ছুটি মঞ্জুর করছিলেন না বলে অভিযোগ। দাবি, সে কারণেই মানসিক অবসাদে শুক্রবার রাতে নিজের কোয়ার্টারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে খড়্গপুর রেল ইয়ার্ড এলাকা। লোকো পাইলটদের অফিসের সামনে একের পর এক লোকো পাইলট জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বিক্ষোভে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । ঘটনার খবর পেয়ে আরপিএফ জওয়ান ও আধিকারিকেরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন লোকো পাইলটরা। এদিন রেলের আধিকারিকদের কোনও কথাই শুনতে রাজি হননি লোকো চালকেরা। তাঁদের অভিযোগ, গত ১৫ দিন ধরে লোকো পাইলট গুড্ডু কুমার ছুটি চাইছিল। কিন্তু রেল আধিকারিকরা তাতে কর্ণপাত করেননি। এভাবে লোকো পাইলটদের সমস্যা না দেখেই গায়ের জোরে তাঁদের লাগামছাড়া কাজ করানো হচ্ছে। খবর করতে গেলে সাংবাদিকদের উপরেও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।
মৃত গুড্ডু কুমার বিহারের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে তাঁর পরিবারের লোকেরা খড়্গপুরে এসে পৌঁছেছেন। সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ। বিক্ষোভকারী লোকো চালকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news