চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
লকডাউনের (Lockdown) ফলেই লক্ষ লক্ষ মানুষ বেঁচেছেন করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ থেকে। শুক্রবার নীতি আয়োগের (Niti Ayog) এমপাওয়ারড গ্রুপ ১-এর চেয়ারম্যান বলেছেন, “প্রথম দুদফায় লকডাউন না হলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ পর্যন্ত হতে পারত। মৃতের সংখ্যা হতে পারত ৭৮ হাজার পর্যন্ত। ২৫ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের কার্যকারিতা নিয়ে বহু সংস্থা সমীক্ষা করেছে।” তিনি আরও বলছেন, “এই তথ্য শুধু প্রথম দুই দফার লকডাউনের কার্যকারিতা নিয়ে করা পর্যবেক্ষণের ফল। যদিও বহু সংস্থা সমীক্ষা করেছে তবে ফলাফল প্রায় একইরকম। সবাই এই সিদ্ধান্তে পৌঁছেছে। সেটা হল, লকডাউনের জেরে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনার সংক্রমণ। তথ্য বলছে, লকডাউন না হলে পরিস্থিতি অনেক খারাপ হত। যে তথ্য এসেছে এতেই প্রমাণ হয়, দেশ সঠিক পথেই এগোচ্ছে।”
বি কে পাল বলেছেন, “এত বড় দেশ হওয়ার পরেও লকডাউনের ফলেই করোনা সংক্রমণ কয়েকটি মাত্র জায়গায় সীমাবদ্ধ রয়েছে। এই লকডাউন না থাকলে এই সংক্রমণ রোখা যেত না। বর্তমানে কিছু শহুরে এলাকাতেই সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু ভারতের অনেক গ্রামই সংক্রমণের বাইরে রয়েছে।” তিনি আরও বলেন, “লকডাউনের আগে ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট ছিল ৩.৪ দিন। বর্তমানে তা ১৩.৩ দিন। এটাই তো লকডাউনের সাফল্য। অন্যান্য দেশে এই ডাবলিং রেট কমেছে। সেখানে ভারত ক্রমাগত ডাবলিং রেট বাড়াতে সক্ষম হয়েছে। আর সেটা সুষ্ঠুভাবে লকডাউন কার্যকর করার ফলেই সম্ভব হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news