চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) জের এখনও কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ। তার মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। এই বৃষ্টিপাতের জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। সামান্য হলেও হালকাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বাড়বে রবিবার থেকে। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
এই পাঁচ জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও আগামী মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত পূবালী হাওয়া দক্ষিণী হওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৪-৯২ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘন্টায়।
আগামী কয়েক দিনে ওড়িশার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। শুধু উত্তরবঙ্গ নয়, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি মূলত অসম, মেঘালয়, অরুণাচলেও আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news