নীল রায়:
সারধা কাণ্ডের সময় সকলের চোখে তাকে “ভিলেন” বানানোর চেষ্টা হয়েছিল। তারই জেরে পাক্কা ৩৪ মাস কারাগারে কাটাতে হয়েছিল তাঁকে। তিনি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ। রাজীব কুমারের পাশাপাশি শিলংয়ে তাকেও তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রবিবার পশ্চিমবাংলায় যখন তামাম বঙ্গবাসী বাগ দেবীর আরাধনায় মেতে উঠছে। ঠিক তখনই সিবিআইয়ের প্রশ্নপত্রের সামনে বসতে হবে সাংবাদিক কুণাল ঘোষকে। সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে কোনও মন্দির, মসজিদ, গির্জা কিংবা গুরুদুয়ারায় মাথা নোয়াননি কুণাল। বরং ফুরফুরে মেজাজে শিলং পৌঁছে ফেসবুক পোস্ট করে সকলকে চমকে দেন।
কুনাল লেখেন “শিলং পাহাড়। আসছি। লাবণ্য, শুনতে পাচ্ছো ?” কুনাল ঘোষের রবীন্দ্রানুরাগের কথা ঘনিষ্ঠ কারোরই অজানা নয়। তা বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হওয়ার আগে একেবারে লাবণ্য! রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চরিত্র লাবণ্য। আচমকা এই লাবণ্যর অবতারণা কেন? তার ফেসবুকের লাবণ্য কি বাস্তব জীবনের সিবিআই? এমন প্রশ্নের উত্তরে কুনাল বলেন, “রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি চরিত্র লাবণ্য। শেষের কবিতার প্রেক্ষাপট এই শিলং-ই। আমি সেই প্রসঙ্গে লাবণ্যের কথা এনেছি, এর সঙ্গে আপনার প্রশ্নের কোনও মিল নেই।” শুধু ফেসবুক কমেন্ট করেই থেমে থাকেননি কুণাল। শিলংয়ের লেকের ধার তথা উন্মুক্ত শ্যামল কাননে বেরিয়ে সন্ধ্যায় কবিগুরুর স্মৃতিবিজড়িত বাড়িতে গিয়ে কবিতা আবৃত্তিও সেরেছেন সাহিত্যপ্রেমী হিসেবে। ঘটনাচক্রে, এদিন রাজীব কুমার যখন ঘন্টার পর ঘন্টা সিবিআই জেরা সামলেছেন। ঠিক সেই সময় কুনাল শিলং বেরিয়েছেন পর্যটক পিপাসু বাঙালির মতো। ঘটনাচক্রে সারধা কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করতে বড় ভূমিকা নিয়েছিলেন তৎকালীন বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রধান রাজীব কুমার। কুনালের ঘনিষ্ঠ মহল জানে, পুলিশ কর্তা রাজীব কুমার ও অর্ণব ঘোষের প্রতি তাঁর মনোভাবের কথা। এর আগে কুণাল বহুবার অভিযোগ করেছিলেন, চিটফান্ডের তথ্য ও প্রমাণ লোপাট করা হয়েছে। এ ব্যাপারে রাজ্য ও কলকাতা পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন রাজ্যসভা সাংসদ। সে ক্ষেত্রে তার নিশানা ছিলেন রাজীব কুমার ও অর্ণব ঘোষই।
শোনা যাচ্ছে প্রয়োজনে সিবিআই রাজীব কুমার ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে। দিনভর হালকা মেজাজে থেকে রাজীব কুমারের মুখোমুখি হওয়ার সেই প্রস্তুতিই কি সেরে রাখলেন কুনাল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news