নীল বণিক:
নারদ কাণ্ডের পর এবার স্টিং অপারেশনে অস্বস্তিতে মমতার পুলিশ। ইন্ডিয়া টুডের একটি স্টিং অপারেশন শনিবার বিজেপির রাজ্য সদর দফতরে দেখানো হয়। (যদিও রাজ্য বিজেপির দেখানো সেই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ চ্যানেল হিন্দুস্তান যাচাই করে দেখেনি।) অভিযোগ, বিজেপির রথযাত্রা বাতিল করতে পুলিশ মিথ্যে রিপোর্ট পেশ করেছে সুপ্রীম কোর্টে। ওই সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দাবি, পুলিশকে মিথ্যে রিপোর্ট দিতে বাধ্য করেছে রাজ্যের শাসক দল। স্টিং অপারেশন প্রকাশ করে শনিবার রাজ্য জুড়ে হৈচৈ ফেলদিয়েছে সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমটি।
খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের পুলিশ প্রশাসনকে একহাত নেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি এদিন দলের রাজ্য সদর দফতরে ইন্ডিয়া টুডের স্টিং অপারেশন জনসমক্ষে আনেন। রাহুল সিনহা অভিযোগ করেন, বিজেপির রথযাত্রা বাতিল করতে জেলা পুলিশের চার গোয়েন্দা কর্তা শাসক দলের সঙ্গে চক্রান্ত করেছেন। বাঁকুড়া জেলার গোয়েন্দা আধিকারিক জেবি সিং, পশ্চিম বর্ধমানের গোয়েন্দা আধিকারিক বাপ্পাদিত্য ঘোষ, শিলিগুড়ির গোয়েন্দা বিভাগের সুপার মধুচন্দ্র দাম ও হাওড়া জেলার এক গোয়েন্দা কর্তা যাত্রা নিয়ে হাইকোর্টে মিথ্যে রিপোর্ট পেশ করেছেন। যাত্রা হলে রাজ্যে কোথাও কোনও সাম্প্রদায়িক হিংসা হত না। জানা গিয়েছে, চার পুলিশ কর্তাই স্টিং অপারেশনে এমনটাই জানিয়েছেন। আদালতের কাছে পুরনো সাম্প্রদায়িক ঘটনা তুলে ধরা হয়েছে বলে দাবি করেন রাহুল সিনহা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক জানান, আদালতকে মিথ্যে রিপোর্ট দেবার জন্য জেলা প্রশাসনের চার পুলিশকর্তাকেই রাজ্যের উচিত গ্রেফতার করা। না হলে পুলিশের এই মিথ্যে রিপোর্ট পেশ করার জন্য খুব শ্রীঘ্রই আদালতের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি। তাহলেই রাজ্য প্রশাসনের মুখোশ রাজ্যবাসীর সামনে খুলে যাবে বলে দাবি করেন রাহুল সিনহা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news