নীল রায়।
৬৫ বছরের রাজনীতিক জীবনে কোনদিনও টি-শার্ট পড়েছেন বলে মনে করতে পারলেন না তিনি! কিন্তু, দলনেত্রীর নির্দেশে ৮৪ বছর বয়সে “দিদিকে বলো” উদ্যোগ সফল করতে গায়ে টি-শার্ট চড়ালেন শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বৃহস্পতিবার শিবপুর এলাকার পল্লী মঙ্গল সমিতির হলে “দিদিকে বলো” প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অশীতিপর রাজনীতিক। গত ৬০ বছরের বেশি সময় ধরে সাদা ধুতি পাঞ্জাবী পড়তে অভ্যস্ত জটু লাহিড়ী। এদিন যখন কর্মসূচিতে যোগ দিতে এলেন তখনও পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবী। সাংবাদিক সম্মেলন শুরু করার কিছু আগে এলাকার তৃণমূল কর্মী ও সংবাদমাধ্যমের একাংশের পক্ষ থেকে “দিদিকে বলো”-র টি-শার্ট-টি পড়তে অনুরোধ করা হয় বর্ষীয়ান বিধায়ককে। ভাবনা চিন্তার জন্য মিনিট খানেক নিয়েই উৎসাহী হয়ে টি-শার্টটি পড়ে নেন তিনি। পড়ার পর দেখা যায়, টি-শার্টটি উল্টো পড়েছেন জটু। দেখে কর্মীরা বিধায়ককে তা জানালে, হেসে নিজেই মস্করা করেন সতীর্থদের সঙ্গে। পরে উল্টো টি-শার্ট পড়েই সাংবাদিক সম্মেলন করেন তিনি। ঘটনাচক্রে, পুরো সময় পিতার সঙ্গেই ছিলেন তাঁর কন্যা মুনমুন মুখোপাধ্যায়। তিনিও বাবার এমন কাণ্ড দেখে স্মিত হাসলেন।
হাওড়া জেলার রাজনীতিতে জটু লাহিড়ীকে প্রায় পিতামহ ভীষ্ম বললেও অতিশয়োক্তি হবে না বলেই জানালেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা। দলের আধুনিকীকরণের সঙ্গে মিশে যেতেই শিবপুরের বিধায়কের এমন পোশাক পড়েছেন বলেই মন্তব্য তাঁর। আর যে জটু লাহিড়ীর টি-শার্ট পড়া নিয়ে এত আলোচনা সেই বর্ষীয়ান নেতা বলছেন, “৬৫ বছরের রাজনৈতিক জীবন এমন উদ্যোগের সম্মুখীন হইনি কখনও। কিন্তু, আমাদের দলনেত্রী যেমন নির্দেশ দিয়েছেন তেমনটা করতেই হবে। আর সেই কারণেই আমার টি-শার্ট পরা। আর উল্টো টি-শার্ট পড়ে তো ভালই হয়েছে। সোজা পড়লে মমতার ছবি আমার পীঠের দিকে চলে যেত। ভুল করে হলেও ঠিকই করেছি। নেত্রীর ছবি আমার বুকে রয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news