জয় ঘোষ:
মুকুল রায়ের গ্রেফতারি পরোয়নার ওপর রক্ষাকবচ। আগামী ১০ দিন মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এই রায় দিল। তবে আদালত এও জানাল যে মুকুল রায়কে কলকাতা পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে। এই শর্তে দিল্লি হাইকোর্ট আজকের রায় দেয়। যেহেতু এই মামলাটি তদন্ত সাপেক্ষ, তাই তদন্তের স্বার্থে কলকাতা পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে মুকুল রায়কে।
উল্লেখ্য, গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । পুলিশ জানায়, ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একটাই নাম। তা হল মুকুল রায়। এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। মুকুল সেই ডাকে সাড়া দেননি। পরে আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয়। তা সত্ত্বেও হাজিরা দেননি বিজেপি নেতা।
প্রসঙ্গত, এর আগে, দুর্নীতির মামলায় মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। সেই নোটিশে বলা হয়েছিল, ৩০ জুলাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। দিল্লিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়। বিষয়টি নিয়ে মুকুলের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তাঁর ঘনিষ্ঠ মহল নোটিশের কথা স্বীকার করে। যদিও মুকুল শিবিরের দাবি, প্রতিহিংসাপরায়ণ হয়েই এই নোটিশ পাঠানো হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news