চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক আধিকারিকের। সোমবার গভীর রাতে পানিহাটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুরের বাসিন্দা ছিলেন তিনি। তালতলা থানার ডিভিশানাল আধিকারিক পদে নিয়োজিত ছিলেন সদ্য প্রয়াত ওই আধিকারিক। প্রয়াত পুলিশ আধিকারিকের নাম স্বপন দাস, বয়স ৫৪। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এক সপ্তাহ আসেননি তালতলা থানায়।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনে তাঁকে বেশকিছু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এই সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে কেন ভর্তি নেওয়া হয় নি?সে ব্যপারে অবশ্য নির্দিষ্ট উত্তর পাওয়া যায় নি। শেষ পর্যন্ত তাঁকে ভর্তি করা হয় পানিহাটির একটি হাসপাতালে। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক স্বপন দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। লকডাউন পরিস্থিতিতে কলকাতায় দায়িত্ব পালন করতে বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু, শেষ এক সপ্তাহেই অসুস্থতা ও শারিরীক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হল তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news