চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় প্রতিনিধি দল ইস্যুতে দিল্লির সঙ্গে লড়তে আপাতত ডেরেক ও সুদীপকে মাঠে নামালেন মমতা। কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মঙ্গলবার এই ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)। অভিযোগ করলেন, রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধিদল পাঠিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হেনেছে নরেন্দ্র মোদীর সরকার। তিনি বলেছেন, “বাংলার মানুষকে সাহায্য করার জন্য বা পরিস্থিতি ভাল করার জন্য আগেই অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সেই কাজই যদি অন্য কেউ করতে আসতে চায় তাহলে সব সময় স্বাগত। কিন্তু তার একটা পদ্ধতি রয়েছে। যদি সেটা না মানা হয় তবে সমস্যা বাড়বে।” তিনি আরও বলেছেন, “রাজ্য সরকারকে না জানিয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম করার জন্য যদি আসার তিন ঘণ্টা পর মুখ্যমন্ত্রীকে জানানো হয় এবং মুখ্যসচিবকে ৩০ মিনিট আগে জানানো হয় তাহলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতিবিরুদ্ধ।”
ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তুলেছেন কেন্দ্রের নীতির বিরুদ্ধে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা জানতে চেয়েছেন, “কোন আধারে রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছেন, যে ৬টি রাজ্যে দল পাঠানো হয়েছে তার মধ্যে ৫টি অবিজেপি শাসিত রাজ্য। এর কারণ কী?” ডেরেকের সঙ্গে এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news