চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যাত্রী ওঠানামার জন্য প্রতি স্টেশনে সাধারণত কুড়ি সেকেন্ড করে দাঁড়াত মেট্রো। কিন্তু লকডাউনের পর এবার বদলে গেছে পরিস্থিতি। দীর্ঘ বিরতির পর ফের মেট্রো চালু হলে এবার ২০-র বদলে ৪০ সেকেন্ড স্টেশনে দাঁড়াবে মেট্রো রেল। অর্থাৎ দ্বিগুণ সময় পাওয়া যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী ওঠানামার জন্য। মেট্রোর এক আধিকারিকের কথায়, কোনও কামরায় যাত্রীদের মধ্যে গা-ঘেঁষাঘেঁষি হচ্ছে মনে হলে প্রয়োজনে কিছু যাত্রীকে যাতে নামিয়ে দেওয়া যায়, তাই স্টেশনে পর্যাপ্ত সময় দাঁড় করানো হবে ট্রেন। একইসঙ্গে যাতে স্টেশনে বা বাইরে ভিড় না হয়ে যায়, তাই দুটি ট্রেনের সময়ের ব্যবধান কমানো হতে পারে। মেট্রো চালু হলে এবার আর টোকেন ব্যবহার করতে পারবেন না যাত্রীরা। সংক্রমণের আশঙ্কায় টোকেন তুলে দেওয়া হবে। তার বদলে সমস্ত যাত্রীকেই এবার স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। তাই অতিরিক্ত স্মার্টকার্ডও অর্ডার দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই জানিয়ে দিয়েছেন, কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১ জুলাই থেকেই মেট্রো চালু হতে পারে কলকাতায়। তবে সূত্রের খবর, এখনও যা পরিস্থিতি আগামী সপ্তাহে মেট্রো চলার সম্ভাবনা কম। মেট্রোর তরফে জানানো হয়েছে, রেলবোর্ডের ছাড়পত্র এলে রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাত্রী পরিষেবা শুরুর আগে মেট্রোর প্রস্তুতি চূড়ান্ত করতে হবে। এছাড়াও রেকের রক্ষণাবেক্ষণের পাশাপাশি মেট্রোর বাতানুকূল ব্যবস্থা, তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ, চলমান সিঁড়ির সংস্কার-সহ একাধিক কাজ সম্পূর্ণ হয়েছে। এমনকি স্টেশন, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম এবং কামরায় ওঠার আগে দূরত্ব-বিধি মেনে চলার স্বার্থে যাত্রীরা কোথায়, কী ভাবে দাঁড়াবেন, তাও রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর স্মার্টকার্ড দিয়ে যাত্রা শুরু হলে যাত্রী সংখ্যা আরও কমবে বলেই আশা করছে কর্তৃপক্ষ। তবে সবটায় নির্ভর করছে মেট্রো শুরু হওয়ার পরবর্তী পরিস্থিতির ওপর।
সম্প্রতি রেলবোর্ড এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে ভারতীয় রেলের ১৭টি জোনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্যাসেঞ্জার, লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন চালানো হবে না। বর্তমানে যেভাবে স্পেশাল কিছু ট্রেন বাছাই করে চালানো হচ্ছে সেভাবেই চলবে দেশের রেল পরিষেবা। কিন্তু কলকাতা মেট্রোর জন্য পৃথক ভাবনা করা যেতেই পারে বলে মনে করছে রাজ্য সরকার। এমনিতেই শহর কলকাতায় পাশের সংখ্যা অপ্রতুল। আনলক একপর্যায়ে সরকারি বাস না চলায় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বেসরকারি বাসকে মাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করলেও, তাতে বরফ গলেনি। বেসরকারি বাস মালিকরা বাসভাড়া বাড়ানোর দাবিতে অনড় রয়েছেন। এমতাবস্থায় শহর কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হলে পরিবহন সমস্যা খানিকটা হলেও মিটে যাবে বলেই মনে করছে রাজ্য সরকারের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্যোগী হয়ে এ বিষয়ে রেলের সঙ্গে কথা বলতে পারেন বলেই মনে করা হচ্ছে। তেমনই ইঙ্গিত পেয়ে কলকাতা মেট্রোর কর্মকর্তারাও তলে তলে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যতক্ষণ না রেলবোর্ড মেট্রো চালানোর ব্যাপারে সবুজ সংকেত দিচ্ছে ততদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো রেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news