নিজস্ব সংবাদদাতা:
কলকাতা কর্পোরেশনের নতুন মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। দুপুরেই সমস্ত জল্পনার অবসান ঘটল। জানা গেল এই খবর। বৃহস্পতিবার সকালেই মেয়র পদে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর এক সময়ের প্রিয়পাত্র ‘কানন’।এদিন শোভন চট্টোপাধ্যায় নিজে আসেননি পুরসভায়, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর হাত দিয়ে ইস্তফাপত্র পাঠান তিনি। এরপরই নতুন মেয়রের নাম প্রকাশ্যে এসে যায়। সূত্রের খবর, বর্তমানে তৃণমূল নেত্রীর অতি ঘনিষ্টদের অন্যতম পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেওয়া হল বাড়তি দায়িত্ব। তিনিই হলেন কলকাতা পুরসভার নতুন মেয়র। এই সঙ্গে ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত হলেন অতীন ঘোষ।

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক মহলের একাংশের মত বস্তবক্ষেত্রে অতীনই ছিলেন যোগ্য মেয়র পদপ্রার্থী, কিন্তু মুখ্যমন্ত্রীর সৌজন্যে ববিকে দেওয়া হল পদ। অন্য দিকে আগেই মন্ত্রী পদ ছেড়েছেন শোভন। এবার তাঁকে দলনেত্রীর কথা অনুযায়ী মেয়র পদও ছাড়তে হল। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক, তাতে করে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অবনতি, আইনি লড়াই ইত্যাদির পর এবার শোভনের রাজনৈতিক জীবনেও স্পষ্টত লাগল কালির দাগ। সব মিলিয়ে একদা তৃণমূলের কংগ্রেসের প্রথম সারির নেতা শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনেরই কি অবসান ঘটে গেল? উত্তর মিলবে অদূর ভবিষ্যতে।
সঙ্গের ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news