নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ২২ নভেম্বর: আগামী সপ্তাহে উত্তপ্ত জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ২৬ নভেম্বর জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি ঝাড়গ্রামের জামবনিতে কাপগাড়ি কলেজ মাঠে প্রশাসনিক সভা করবেন। এজন্য ইতিমধ্যেই কলেজ মাঠ পরিদর্শন করেছেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানিও। ২৬ নভেম্বর দুপুরে জামবনির সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বিকেলে জেলাশাসকের দফতরে অথবা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। বৈঠক শেষে তিনি রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে রাত কাটিয়ে পরের দিন পুরুলিয়া রওনা দেবেন।

মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশাসনের জঙ্গলমহলের কলেজ মাঠ পরিদর্শন
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় ভালো ফল করতে পারেনি রাজ্যের শাসক দল। প্রায় ২৫টি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। হাতছাড়া হয়েছে দুটি পঞ্চায়েত সমিতিও। তাছাড়া জেলায় মাওবাদিদের প্রভাব বাড়ারও খবর রয়েছে রাজ্য গোয়েন্দাদের কাছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে পোস্টার পড়ে জঙ্গলমহলে। এমত অবস্থায় যাতে নতুন করে জঙ্গলমহলে অস্থির পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়েই মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। লোকসভা ভোটের আগে জঙ্গলমহলের হাওয়া বুঝতেও এই সফর বলে মনে করছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news