কিশোর ঘোষ:
তিনি ‘জলপাই কাঠের এসরাজ’-এর কবি। তাঁর মিথ-সম কবিতা পংক্তি—‘অনেক লন্ঠন ওড়ে, হাওয়াবাতাসের রাত, কেউ এলো না আজ!/ বাজাবো না আমাদের, বাজাবো না জলপাইকাঠের এসরাজ….’। কিংবা ‘ভাবো, ভাবো সেদিনের উৎসব! বরানগরের গঙ্গার জল থেকে/ আবার এসেছে উঠে/ তিনশো তরুণ।’ এমন অসংখ্য অসামান্য উচ্চারণের কবি তিনি। চলতি বছরের কবিতা উৎসবে সম্মানিত হলেন আধুনিক বাংলা কবিতার সেই অন্যতম শ্রেষ্ঠ কারিগর মৃদুল দাশগুপ্ত। মৃদুল পেলেন পশ্চিমবঙ্গ কবিতা অকাদেমির ‘সুনীল গঙ্গোপাধ্যায় সম্মান’।

এ বছর এইসঙ্গে সম্মানিত হলেন দেবদাস আচার্য। ‘মৃৎশকট’-এর জনক এই মহিরুহ নিভৃতচারী কাব্যসাধক পেলেন ‘জীবনানন্দ সম্মান’। অনুরাধা মহাপাত্রকে দেওয়া হল ‘সুভাষ মুখোপাধ্যায় সম্মান’। পাশাপাশি তরুণ কবি সেখ সাদ্দাম হোসেন পেলেন ‘বিনয় মজুমদার সম্মান’।
বর্তমান কবিতা উৎসবে এইসঙ্গে পুরস্কৃত হয়েছেন একাধিক প্রবীন ও নবীন আবৃত্তিকারেরা। উল্লেখ্য, এটি ভারতের বৃহত্তম কবিতা উৎসব। যেখানে আমন্ত্রিত হয়েছেন প্রায় ৫৫০ জন কবি ও আবৃত্তিকার। কবিতাপাঠের পাশাপাশি থাকছে প্রয়াত মহৎ কবিদের কাব্য আলোচনা। যাতে অংশগ্রহণ করছেন বিশিষ্ট গবেষক ও চিন্তকেরা। গোটা কর্মযোজ্ঞের প্রাণপুরুষ পশ্চিমবঙ্গ কবিতা অকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার মনে করিয়ে দেন, ‘পশ্চিমবঙ্গ কবিতা অকাদেমি তরুণতম আকাদেমি। কিন্তু এবারের কবিতা উৎসব সব দিক থেকে বাংলা ভাষার বৃহত্তম কবিতা উৎসব। ভারতে আর কোথাও এর বড় কবিতা উৎসব হয় না।’ তিনি আরও জানান, ‘কবিতা নিয়ে পূর্ণাঙ্গ অকাদেমি আরও কোথাও নেই।’

গত ২৩ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে কবিতা উৎসব। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাগর, নন্দন-৩ প্রেক্ষাগৃহে হই হই করে চলছে পশ্চিমবঙ্গ কবিতা অকাদেমি আয়োজিত কবিতা উৎসব ২০১৯।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news