নীল রায়।
ভোট বড় বালাই! এবারের লোকসভা ভোটে হিন্দু সম্প্রদায়ের ভোটের বড় অংশ চলে গিয়েছে বিজেপির বাক্সে! তাই হিন্দু ভোটব্যাঙ্ক ফেরাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে তৃণমূল। এবার সেই তৃণমূল পরিচালিত কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে লেক কালীবাড়ির কর্তৃপক্ষকে ৩০ বছরের জন্য ৫৯৯২.২ স্কোয়ার মিটার জমি বিনামূল্যে লিজ দিল। বুধবার কলকাতা পৌর নিগমে সাংবাদিক সম্মেলন করে মন্দির কর্তৃপক্ষের হাতে লিজের কাগজপত্র তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার ও বৈশানর চট্টোপাধ্যায়।
এ প্রসঙ্গে মেয়র পারিষদ বৈশানর চট্টোপাধ্যায় বলেন, “জমি লিজের সঙ্গে কলকাতা পৌর নিগম মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য্যায়নের কাজ বিনামূল্যে করে দেওয়া হবে।” সূত্রের খবর, পৌর নিগম অতি দ্রুততার সঙ্গে মন্দির কমিটিকে বিনামূল্যে জমি লিজ দেওয়ার কাজ করেছে। এর বড় কারণ, হিন্দু ভোটব্যাঙ্কে ধস। লোকসভা ভোটে কলকাতার দুটি আসন তৃণমূল জিতলেও, তা এসেছে মুসলিম ভোটব্যাঙ্কে ভর করে। যে বিধানসভা কেন্দ্রে লেক কালীবাড়ি, সেই রাসবিহারী কেন্দ্রে এবার বিজেপি সাড়ে চার হাজার ভোটে ব্যবধান পেয়েছে। এছাড়াও, কলকাতার জোড়াসাঁকো ও শ্যামপুকুরেও এগিয়েছিল বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভায় তৃণমূল লিড পেলেও নিজের ৭৩ নম্বর ওয়ার্ডে ৪৯৬ ভোটে পিছিয়ে গিয়েছিল তাঁর দল। এমতাবস্থায় হিন্দুভোট নিয়ে আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় বাংলা শাসক দল। তাই মেয়র ফিরহাদ হাকিম তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে লেক কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষের হাতে বিনামূল্যে জমির লিজের কাগজপত্র তুলে দিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news