চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি আইপিএল শেষ হতে না হতেই শুরু হতে চলেছে , বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল । ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ম্যাচের দিনক্ষণ ও খেলোয়ারের তালিকা । এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলোয়ার তালিকায় নেই ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহদের মতো খেলোয়াড় দের নাম । আর এতেই চিন্তায় রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটাররা । তবে চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে যাতে কেএল রাহুলকেও ছিটকে যেতে না হয়, তার জন্য কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের পরিস্থিতি দেখে বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিই ঠিক করবে চলতি আইপিএলে রাহুলের ভবিষ্যৎ । সোমবার ম্যাচের শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে । আরসিবির ইনিংসের দ্বিতীয় ওভারে ফিল্ডিংয়ের সময় ডু প্লেসির বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। থাই মাসলে লাগায় একেবারে মাঠে শুয়েই পড়েন। তবে প্রবল ইচ্ছাশক্তিতে ভর করে শেষ উইকেটে ব্যাট হাতে মাঠেও নামেন রাহুল । তাঁর চোট নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি আপডেট দেওয়া না হলেও রাহুলের হ্যামস্ট্রিংয়ের চোটকে হালকাভাবে দেখতে নারাজ বিসিসিআই। সুত্র মারফৎ জানা যাচ্ছে, বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিমই রাহুলের চোটের বিষয়টি খতিয়ে দেখবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আইপিএলে খেলবেন কি না । তবে গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী কয়েকটি ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন না রাহুল । উইকেটকিপার-ব্যাটারের অনুপস্থিতিতে বুধবার সিএসকের বিরুদ্ধে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হচ্ছে ক্রুণাল পাণ্ডিয়াকে। বলাইবাহুল্য গত ম্যাচে রাহুল চোট পাওয়ার পর দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ক্রুণালের হাতে । আইপিএল শুরুর আগেই বোর্ডের তরফে জানানো হয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে ক্রিকেটারদের প্রয়োজনে পর্যাপ্ত বিশ্রামও দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে । তবে কেএল রাহুলের চোটের কথা মাথায় রেখে তিনি খেলবেন কি না তা ঠিক করবে ক্রিকেট বোর্ডই ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news