চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
নতুন ছবির শুটিংয়ে এবার ট্যাক্সি চালকের ভূমিকাতেই দেখা যেতে পারে তাকে। ছবির নাম ‘ভোলা শঙ্কর’। কলকাতায় এসে হলুদ ট্যাক্সি চালাবেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। এই বছরই জানুয়ারি মাসে শোনা গিয়েছিল এই ছবির শুটিং শুরুর কথা। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ শুটিংয়ের কাজ গুটিয়ে নিয়েছে ছবির নির্মাতারা। আগামী আগস্ট মাসেই মুক্তি পাবে এই ছবিটি। তাই তড়িঘড়ি শুটিংয়ের বাকি অংশ সেরে নিতে কলকাতায় আগমন ‘ভোলা শঙ্কর’ ছবির পুরো টিম এবং আসছেন মহাতারকা চিরঞ্জীবীও।
আজ অর্থাৎ ৩মে বুধবারই কলকাতায় পা রাখছেন তিনি। টানা ৬দিনের শুটিং চলবে কলকাতার বিভিন্ন জায়গায় ।৬ মে থেকে ১০ মে’র মধ্যে কখনও ময়দানের মেঠো হাওয়ায়, ধর্মতলায়, আবার কালীঘাটেও হবে এই ছবির শুটিং। ছবির কাহিনির প্রেক্ষাপট কলকাতা, তাই কলকাতাতেই বেশ কিছু দৃশ্যের শুটিং হতে চলেছে আগামী ৬ দিনের মধ্যে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে ধর্মতলা হয়ে ময়দানের দিকে পাড়ি দেবে কি চিরঞ্জীবীর হলুদ ট্যাক্সি? মিস্টার মেহের রমেশ পরিচালিত এবং অ্যাডভেঞ্চারস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিতে চিরঞ্জীবী ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে তমন্না ভাটিয়া এবং কীর্তি সুরেশকে।
‘পিকু’ ছবিতে কলকাতার বুকে সাইকেল চালিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই শুটিংয়ের ঘটনাও বেশ উন্মাদনা ছড়িয়েছিল নেটিজেনদের মনে। জানা গিয়েছে যে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার অজিত কুমার অভিনীত ছবি ‘ভেদালম’-এর রিমেক এই ‘ভোলা শঙ্কর’। তবে সময়ের দাবি মেনে কলকাতার প্রেক্ষাপটে এনে ফেলা হয়েছে কাহিনিকে। গতবছরই মুক্তি পেয়েছিল তার বিখ্যাত ছবি ‘গডফাদার’। ‘ওয়াল্টার ভীরাইয়া’ নামে আরও একটি ছবি এই বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল চিরঞ্জীবীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news