Breaking News
Home / TRENDING / গোষ্ঠীকোন্দল তীব্র, খড়গপুরে মনোনয়ন জমা দিলেন বিজেপির ৩ জন

গোষ্ঠীকোন্দল তীব্র, খড়গপুরে মনোনয়ন জমা দিলেন বিজেপির ৩ জন

ভাস্কর মান্না:

 

এগিয়ে এসেও পিছু হটতে বাধ্য হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলা নেতাদের প্রবল সমালোচনার মুখে পড়ে নিজের ছায়াসঙ্গী প্রেমচাঁদ ঝায়ের পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতি শমিত দাসরেও মনোনয়ন তুলতে মেদিনীপুরে হাজির হলেন সাংসদ দিলীপ ঘোষ। অপরদিকে দলের পুরনো কর্মী প্রদীপ পট্টনায়েকও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। অর্থাৎ এদিন বিজেপিরই তিন জন নেতা মনোনয়ন জমা দিলেন।

খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝায়ের নাম মনোনীত করে রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের পাঠানো নামেই সিলমোহর বসায় কেন্দ্রীয় নেতৃত্বও। কিন্তু প্রেমচাঁদের নাম ঘোষণা হতেই প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠী কোন্দল। অস্ত্র, জমি, তোলাবাজি সহ প্রেমচাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা স্বত্ত্বেও, তাঁর নাম ঘোষণা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন জেলা নেতারা। অন্যদিকে, দলের পুরানো কর্মী হিসেবে এলাকায় পরিচিত প্রদীপ পট্টনায়েক ‘বিজেপি বাঁচাও’ নামে একটি সংগঠন তৈরি করেন। এমনকি প্রেমচাঁদের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে তিনিই লড়াই করবেন বলে জানান।

এ প্রসঙ্গে বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি শমিত দাস চ্যানেল হিন্দুস্তানকে জানায়, “প্রেমচাঁদকে নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ঠিকই। কিন্তু খুব তাড়াতাড়ি তা মেটানো সম্ভব হবে। প্রদীপবাবু দলের পুরানো কর্মী। তিনি যাতে প্রার্থী না হন সেই অনুরোধ করব।” এদিন অবশ্য প্রদীপকে আটকাতে পারেনি দল। দিনের শেষে দেখা যায় নির্দল প্রার্থী হিসেবে প্রদীপও মনোনয়ন জমা দেন। অপরদিকে জেলা সভাপতি তথা আরএসএস কর্মী শমিত কুমার দাস ও প্রেমচাঁদ ঝাকে একসঙ্গে নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। বিজেপির প্রতীক ছাড়াই মনোনয়ন জমা দেন জেলা সভাপতি শমিত দাস। বিজেপি সূত্রে খবর, জেলা নেতাদের একাংশের আপত্তির ফলে প্রেমচাঁদকে শেষ পর্যন্ত প্রার্থী করা না গেলে, শমিতই দলের ভরসা। এমনকি আরএসএসের কর্মী হিসেবে শমিতবাবুর সঙ্গে জেলা নেতা ও কর্মীদের সঙ্গে সম্পর্কও ভালো।

এদিন প্রার্থীদের সঙ্গে মনোনয়ন তুলতে এসে দিলীপ ঘোষ বলেন, “এখানে যেই প্রার্থী হোক। এখানে আমিই আছি, আমিই লড়ছি।” একইসঙ্গে জেলা সভাপতি শমিত দাস বলেন, “আমি প্রার্থী হচ্ছি ঠিকই। কিন্তু আমি প্রেমচাঁদের বিরুদ্ধে নয়, প্রেমচাঁদের পক্ষে লড়াই করছি।” এ নিয়ে জেলা নেতাদের দাবি, প্রেমচাঁদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অরবিন্দ মেননের কাছে একাধিক অভিযোগ জানানো হয়। তারপরেই চাপের মুখে পিছু হটতে বাধ্য হন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবার দিলীপ ঘনিষ্ঠদের দাবি, এই আসনে বিজেপির জয় নিশ্চিত। তাই ইচ্ছাকৃতভাবে প্রেমচাঁদকে আটকাতে, তাঁকে গ্রেফতার করতে পারে তৃণমূল। তাই বিকল্প হিসেবে শমিতকে রাখতে চাইছে দল। 

উল্লেখ্য, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝায়ের বিরুদ্ধে ৩ কোটি টাকার একটি জমি প্রতারণার মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। ওই মামলায় ১৩ নভেম্বর অবধি প্রেমচাঁদের গ্রেফতারের ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। কিন্তু ততদিন তদন্তের জন্য তাঁকে পুলিশকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। ১৩ নভেম্বরের পর হাইকোর্টের স্থগিতাদেশ উঠলে ঝায়ের গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটা হলে সমস্যায় পড়বেন স্বয়ং দিলীপ ঘোষ। সেজন্য বিকল্প হিসেবে জেলা সভাপতি শমিত দাসকে প্রার্থী হিসেবে রেখে দিতে চাইছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *