ওয়েব ডেস্ক:
রাজ্যের প্রধান ৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনে। জানা গিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল শাসক-বিরোধী দলগুলির সঙ্গে কাল বাংলায় ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়েই আলোচনা করতে চাইছেন।
প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লিতে মোদি-শাহের সঙ্গে বৈঠক করেন কেশরীনাথ ত্রিপাঠী। ওই বৈঠকের পর রাজ্যপাল একটি সংবাদমাধ্যমে বলেন, ”৩৫৬ ধারার জারি হতে পারে। দাবি উঠলে ভেবে দেখবে কেন্দ্রীয় সরকার”। একই দিনে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ১২ জন মারা গিয়েছে বলেও দাবি করেছিলেন রাজ্যপাল। গতকাল বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি পুনপ্রতিষ্ঠার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ১২ নয়, মৃতের সংখ্যা ১০। যদিও এরপর আরও ৩ জনের প্রাণ যাওয়ার খবর মিলেছে। আজই মালদহে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর।
উল্লেখ্য, বুধবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে লালবাজার অভিযান করে বিজেপি। এহেন পরিস্থিতিতে রাজ্যপালের ডাকা বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news