পার্থসারথি পাণ্ডা :
রাণীগঞ্জে একই পাড়াতে থাকতেন নজরুল, শৈলজানন্দ আর শৈলেন। তিনজনে একেবারে হরিহর আত্মা। যেন একই বৃন্তে তিনটি কুসুম— মুসলিম, হিন্দু আর খ্রিস্টান। তিনজনই কিশোর। শৈলজা লিখতেন কবিতা, নজরুল লিখতেন ছোট ছোট গল্প আর শৈলেন ছিলেন শ্রোতা। পাড়ার আর সব ছেলেরা সেসব শুনে হাসত, বিশ্বাসই করত না যে এসব তাঁদের লেখা। ভাবত অন্য কারও লেখা থেকে চুরি করা। আর তাই নিয়েই তারা ভীষণ রকম খিল্লি করত। ফলে তিন বন্ধুর সাথে তাদের একেবারেই বনত না। তাদের থেকে দূরে তিনজনই আলাদা বসে আড্ডা দিতেন। তবে বন্ধ হলেও নজরুলের লেখা গল্প আর শৈলজার লেখা কবিতা ভালো না লাগলে কঠোর ভাষায় সমালোচনা করতে ছাড়তেন না শৈলেন। প্রায়ই নজরুলকে বলতেন, গল্প লিখে কোনদিনই তুমি বঙ্কিমচন্দ্র হতে পারবে না। আর শৈলজাকে বলতেন, কবিতা লিখে খাবো ভাবলে নির্ঘাত মরবে।
সেই সময় নজরুল আর শৈলজা দুজনেই বেশ ঘাড় অব্দি ঝাঁকড়া চুল রেখেছিলেন। সেই নিয়েও তাদের ঠাট্টা করতে ছাড়তেন না শৈলেন। তবে তাঁর ঠাট্টা দুই বন্ধুর কেউই মোটেই গায়ে মাখতেন না, প্রাণখোলা হো হো হাসিতে সটান উড়িয়ে দিতেন হাওয়ায়।
এমনি চলতে চলতে দুম করে নজরুল একদিন পল্টনে যোগ দিলেন। বলা যায় তখন থেকেই লেখনী নিয়ে কবিতার পথ ধরলেন তিনি। লিখলেন ‘মুক্তি’ কবিতা। এই সময় তিনি নামের পাশে ‘হাবিলদার’ কথাটি লিখতেন। পল্টনের হাবিলদারের পদটিকে তিনি বড্ড ভালোবাসতেন। তাই লেখালেখির ক্ষেত্রেও পদটিকে কখনো কাছছাড়া করতেন না তখন। কিছুদিনের মধ্যে পল্টন ভেঙে যেতেবেকারত্ব নিয়ে করাচি থেকে ফিরে এলেন নজরুল। এসে দেখলেন শৈলজা কবিতা ছেড়ে গল্প লেখায় মন দিয়েছেন। সেইসময়ই একদিন নজরুল ‘বিদ্রোহী’ কবিতাটি লিখলেন, সেইসঙ্গে সাহিত্য জগতে রীতিমতো সাড়া ফেলে নিজের জন্য একটা আলাদা পথ তৈরি করে নিলেন, যে পথ দিয়ে আগে কেউ যাবার সাহস করেননি, সেই পথ। ওদিকে শৈলজানন্দও ‘কয়লাকুঠির দেশে’ গল্প লিখে বাংলা ছোটগল্পের মোড় ঘুরিয়ে দিলেন। সেই কিশোরবেলায় বন্ধু শৈলেন যেন দেখতে পেয়েছিলেন পথ বদলে নিলেই একদিন উড়বে দুই বন্ধুর বিজয় পতাকার নিশান! যেন তিনি সেদিনই শুনতে পেয়েছিলেন কালের ঘন্টি! তাই বন্ধুদের ইঙ্গিতে বলেছিলেন ক্ষেত্র পরিবর্তনের কথা। শৈলেন ছিলেন ক্ষণজন্মা মানুষ, বন্ধুদের প্রতিষ্ঠাপর্বটুকু দেখেই অকালে চলে যেতে হয়েছিল তাঁকে…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news