ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত তাই হল, রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গে ভারতকে বিঁধতে রাহুল গাঁধীর বিবৃতিকে অস্ত্র করল পাকিস্তান। শুধু রাহুল নন, আত্মপক্ষ সমর্থনে ওমর আবদুল্লার বিবৃতিও তুলে ধরেছে ইসলামাবাদ, স্বভাবতই যা নিয়ে কংগ্রেস নেতৃত্বকে নিশানা করছে বিজেপি।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আজ এই মর্মে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে অভিযোগ করে পাকিস্তান। তারই প্রমাণ দিতে তৈরি নথির প্রথম পৃষ্ঠাতেই দেখা যায় রাহুল ও ওমরের বিবৃতি।
উল্লেখ্য, উপত্যকায় ৩৭০ অনুচ্ছেদ রদের পর রাহুল গাঁধী বিরোধী নেতাদের নিয়ে শ্রীনগর যাওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি। এরপরই টুইট করেছিলেন, জম্মু-কাশ্মীরের মানুষের স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব হচ্ছে। কাশ্মীরের মানুষের উপর যে দানবীয় প্রশাসন ও কঠোর বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে, শ্রীনগর যাওয়ার চেষ্টা করতে গিয়ে বিরোধী নেতা, সংবাদমাধ্যমও তার স্বাদ পেয়েছে।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের এক তরফা সিদ্ধান্তের বিপজ্জনক ও দূরগামী প্রভাব রয়েছে। এটা আগ্রাসন কাশ্মীরিদের বিরুদ্ধে। ৩৭০ অনুচ্ছেদ রদের সিদ্ধান্ত একতরফা, বেআইনি ও অসাংবিধানিক। এই দু’টি মন্তব্যই তুলে ধরেছে পাকিস্তান।
এবার সেই নথি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে ফাঁস হতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে গোটা দেশে। অন্যদিকে বিজেপি নেতারা রাহুল তথা কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, ”কংগ্রেস নেতাদের উচিত মন্তব্য করার আগে দলের মধ্যে আলাপ-আলোচনা করা। এত পুরনো একটি দল। আর সেই দলের নেতাদের মন্তব্য পাকিস্তানকে সাহায্য করছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news