ওয়েব ডেস্ক:
সিবিআই তৎপর হতেই কার্তি চিদাম্বরমের বক্তব্য, তিনি কখনই আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার মুখার্জি ও ইন্দ্রাণীর সঙ্গে দেখা করেননি। উল্লেখ্য, একই মামলায় গতকাল তাঁর বাবা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। কংগ্রেস সাংসদ কার্তি অবশ্য গোটা বিষয়টিকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন।
আজ দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের কার্তি বলেন, “আমায় সমন করা হয়েছে ২০ বার। ৪ বার বাড়িতে তল্লাশি হয়েছে। এখনও মামলা হয়নি।” প্রসঙ্গত, আজ দিল্লিতে চিদাম্বরমের গ্রেফতারের বিরুদ্ধে দল কংগ্রেসের ধর্না রয়েছে। সেখানে কার্তি যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি লগ্নি ঘুরপথে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে। সে সময় ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড-এর চেয়ার পার্সন ছিলেন চিদাম্বরম। অভিযোগ ওঠে, তাঁর অনুমতিতেই ৩০৫ কোটি টাকার বিদেশি লগ্নি মেলে আইএনএক্স মিডিয়ার। এমনকী এর পরিবর্তে কার্তি চিদাম্বরমের সংস্থাকে মোটা অঙ্কের ঘুষও দেওয়া হয় বলে অভিযোগ।
এদিকে শিনা বোরা হত্যা কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন পিটার ও ইন্দ্রাণী। ইতিমধ্যে আইএনএক্স মামলায় রাজসাক্ষী হতে রাজি হয়েছেন ইন্দ্রাণী মুখার্জি। প্রসঙ্গত, তাঁর বয়ানের ভিত্তিতেই বেশি করে তৎপর হয় সিবিআই ও ইডি। যদিও কার্তির দাবি, সিবিআইয়ের তদন্তের সময়ই নাকি প্রথম দেখা হয় ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে। এর আগে কোনওদিনই কথা হয়নি পিটার ও ইন্দ্রাণীর সঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news