নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। বৃহস্পতিবার রাতে কর্নাটকের কালবুর্গিতে মারা গিয়েছিলেন একজন বৃদ্ধ। এবার রাজধানী দিল্লিতে মৃত্যু হল আরও এক বৃদ্ধার। দিল্লিতে মৃত্যু হয়েছে ৬৯ বছর বয়সী ওই মহিলা। মৃত মহিলার ছেলে বিদেশ থেকে ফিরেছিল। সেখান থেকে ভাইরাসের সংক্রমণ ছড়ায় বলে অনুমান করা হচ্ছে। মৃত মহিলার ছেলে করোনা ভাইরাস আক্রান্ত। পরপর দুই দিনে দুজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই মুহূর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮১।
করোনার আতঙ্কে কেরল, কর্ণাটক, দিল্লি ও জম্মু-কাশ্মীরে আগেই বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হল। এবার সেই তালিকায় যোগ হয়েছে মহারাষ্ট্রের পাঁচ শহর। মুম্বই, পুনে, নবি মুম্বই, নাগপুর ও পিম্প্রি চিঞ্চওয়াদ। এই শহরগুলোতে সব সিনেমা হল, জিম ও সুইমিং পুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “যেখানে সম্ভব সেখানে কোম্পানিগুলি যেন তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news