চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
চারদিন ধরে বিতর্ক চলার পর অবশেষে সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বৃহস্পতিবার গণেশ শংকর বিদ্যার্থী মেমোরিয়াল (GSVM) মেডিকেল কলেজের অধ্যক্ষা পদ থেকে সরানো হল আরতি দাভে লালচাঁদানিকে। তাঁর জায়গায় অধ্যক্ষ পদে আনা হল অধ্যাপক বি কমলকে।
গত সপ্তাহে লালচাঁদানির পাঁচ মিনিটের একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ভিডিওটি দু’মাস আগে তোলা হয়েছিল বলে জানা যায়। ওই ভিডিওতে লালচাঁদানি তাবলিগি জামাতের সদস্যদের তীব্র সমালোচনা করেন। এবং রাজ্য সরকার ওই সদস্যদের প্রশয় দিচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। তবলিগি জামাতের সদস্যদের নিশানা করে তিনি বলেন, “এই লোকেরা সন্ত্রাসবাদী, অথচ তাঁদেরকে ভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, সরকার এদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার পরিবর্তে, জীবনের ঝুঁকি নিয়ে এইসব লোকেদের চিকিৎসা করার জন্য ডাক্তারদের পাঠানো হচ্ছে। এঁদের হোটেলের বিল মেটানো হচ্ছে।”
সূত্রের খবর, এই মন্তব্যের পরেই যোগী সরকার ওই মেডিকেল কলেজের অধ্যক্ষা পদ থেকে লালচাঁদানিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো বৃহস্পতিবার উত্তরপ্রদেশের স্বাস্থ্যদপ্তরের মুখ্যসচিব রজনীশ দুবে কানপুরের জেলাশাসক ব্রাহ্ম দেব তিওয়ারিকে লালচাঁদানিকে সরানোর নির্দেশ দেন। অধ্যক্ষা হিসেবে তাঁকে বদলি করা ঝাঁসির মহারানী লক্ষীবাই মেডিকেল কলেজে।
প্রসঙ্গত, গত মার্চে করোনা পরিস্থিতির মধ্যেও ধর্মীয় সভা করার অভিযোগ ওঠে তাবলিগি জামাতের সদস্যদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বলা হয়, তাবলিগি জামাতের সদস্য এবং তাঁদের সংস্পর্শে আসা রাজ্যে ৩০ শতাংশ মানুষের মধ্যে কারোনা ছড়িয়ে পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news