চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়েছে গত কয়েক দিনে। তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। বৃহস্পতিবার বেড়েছিল ৯,৩০৪ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৮৫১ জন। এক দিনে এত সংখ্যক মানুষের আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন ২,২৬,৭৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৩ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে করোনার থাবায় প্রাণ হারালেন মোট ছ’হাজার ৩৪৮ জন।
দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও, সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও লাখ ছাড়িয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণকে হারিয়ে সুস্থতার হার।। দেশে এখনও অবধি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১,০৯, ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার করাল গ্রাস থেকে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩৫৫ জন।
করোনার জেরে দেশে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখনও অবধি দু’হাজার ৭১০ জন মারা গিয়েছেন সেখানে। এর পরই রয়েছে গুজরাত। সেখানে মারা গিয়েছেন এক হাজার ১৫৫ জন। রাজধানী দিল্লিতে ৬৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এর পর রয়েছে মধ্যপ্রদেশ ৩৭৭ জন ও পশ্চিমবঙ্গ ৩৫৫ জন। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ ২৪৫ জন, তামিলনাড়ু ২২০ জন, রাজস্থান ২১৩ জন ও তেলঙ্গানায় ১০৫ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news