চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কণিষ্ক পান্ডাকে বহিষ্কার করা হল। রবিবার সকালে তৃণমূল সূত্রে জানা যায়, দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হল তাঁকে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদককে দল বিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে প্রকাশ্যে কিছু না জানানো হলেও, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়ায় দলের ওপর বিরাগভাজনের কারণ হন কণিষ্ক পান্ডা। রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষে।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই বার্তা জেলা নেতৃত্বকে ঘোষণা করে দিতে বলেছেন। গত কয়েকদিনে একাধিকবার শুভেন্দুর পাশে থাকার কথা জানিয়ে মুখ খুলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মমতার বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন কণিষ্ক। ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। এই প্রথম শুভেন্দু অধিকারীর কোনও অনুগামীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বহিষ্কার প্রসঙ্গে জানতে কণিষ্ক পান্ডাকে মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news