চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :
বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার সকাল সোয়া দশটায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার সময় ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।
গতকাল শুক্রবার কামাল লোহানীর করোনা ভাইরাসের শনাক্তের তথ্য জানান তাঁর মেয়ে ঊর্মি লোহানী। করোনা ভাইরাস ছাড়াও ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফুসফুস ও কিডনির জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ১৭ জুন সকালে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল কামাল লোহানীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এর আগে গত ১৮ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় সাগর লোহানী বলেছিলেন, “বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা অনেক দিন ধরে। গত দুই মাস ধরে লকডাউনে বাবার ট্রিটমেন্ট হচ্ছে না। হাসপাতালে নিতেও পারছিলাম না। গত সপ্তাহে তাঁর অবস্থা বেশ গুরুতর হয়। আমরা টেলিফোন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা করাছিলাম। কিন্তু অবস্থা বেশ গুরুতর হয়ে পড়লে ১৮ মে বাবাকে হাসপাতালে ভর্তি করাই।”
উল্লেখ্য যে, দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার যাত্রা শুরু করেন কামাল লোহানী। এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানী (Kamal Lohani)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news