চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :
বাংলাদেশের ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines)। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে এই এয়ারলাইন্সটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর অনুমোদন পেয়ে ২১ জুন থেকে ফ্লাইট শুরু করবে এমিরেটস। শুক্রবার বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা থেকে আরব আমিরশাহীর নাগরিক এবং অন্যান্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ার। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তাম্বুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীরা যেদেশে যাবেন সেদেশের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
অনুমতি প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, আগামী ২১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে তিটি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে এমিরেটস এয়ারলাইন্সকে। বাংলাদেশী এয়ারলাইন্সগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এসব ফ্লাইটে কেবল মাত্র সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) নাগরিক এবং অন্যদেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।
বেবিচক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি শনিবার, সোমবার এবং বৃহষ্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স। ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশে আসবে ইকে-৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে-৫৮৫ ফ্লাইট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news