তখন শ্রীদেবীর বয়সও কিন্তু ষোল। এই ছবি দিয়েই বলিউডে শ্রীদেবীর নায়িকা হিসেবে ডেবিউ হল।
তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে ‘হিম্মতওয়ালা’, ‘তোহফা’, ‘মিঃ ইন্ডিয়া’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘নাগিনা’, ‘লমহে’, ‘জুদাই’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয় প্রতিভাগুণে প্রথম ছবি থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। ‘হিন্মতওয়ালা’- থেকে নায়িকা হিসেবে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তারপর প্রায় দু’দশক ধরে সেই জনপ্রিয়তা ক্রমশ আকাশ ছুঁয়েছে। সেই জনপ্রিয়তার পথ বেয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার প্রথম ফিমেল ম্যাটিনি আইডল, প্রথম ফিমেল সুপারস্টার।
আটের দশকে একদিকে বলিউডের নাচগানের ফর্মুলা ছবিতে যখন তিনি ঝড় তুলছেন, অন্যদিকে তখন এমন একটি ছবিতে অভিনয় করলেন যাকে বলে, ‘মাইলস্টোন ছবি’। ছবির নাম, ‘সদমা’। তামিল ছবির বিখ্যাত পরিচালক বালু মহেন্দ্রর ছবি। এই ছবিতে শ্রীদেবীর বিপরীতে ছিলেন কামাল হাসান। শ্রীদেবী অভিনীত চরিত্রের নাম
ছিল নেহালতা। কামাল হাসান অভিনয় করেছিলেন বেজায় ভালমানুষ ও স্কুলমাস্টার সমুর চরিত্রে। মাথায় চোট পেয়ে নেহালতা শিশুর মতো বিহেভ করতে শুরু করে। নেহালতার শিশুর মতো আবদার, ভালোবাসা, ছেলেমানুষি, একা থাকার ভয়, অভিমান, রাগ এত সুন্দরভাবে শ্রীদেবী ফুটিয়ে তুলেছিলেন যে সেই অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে গেছে। তাঁর অভিনয় ছবিটাকে ক্লাসিক করে দিয়েছে। দর্শক চিনেছিল নাচগানে যে শ্রীদেবী তাদের মনে হিল্লোল তোলেন, সেই তিনিই একটা ছবিকে কোথায় নিয়ে যেতে পারেন।
শ্রীদেবীর অসাধারণ সৌন্দর্যের সঙ্গে ছিল তাঁর অসম্ভব দ্যুতিময় দুই চোখ। শেষ দুই ছবি ‘ইংলিশ- ভিংলিশ’ আর ‘মম’-এও সেই দ্যুতি এতটুকু নিষ্প্রভ হয়নি। এই দুই ছবিতে পনের বছর পর সিলভার স্ক্রিনে ফিরে এসে প্রমাণ করে দিয়ে গেলেন, এভাবেই ফিরে আসা যায়, স্বমহিমায়। জাত অভিনেতা কখনো হারিয়ে যান না। সত্তাজুড়ে শিল্পী হয়ে তাঁরা বেঁচে থাকেন চিরকাল।
‘সদমা’- ছবির শেষ দৃশ্যটার কথা মনে পড়ে? ট্রেনে চেপে শ্রীদেবী চলে গিয়েছিলেন এক দেশ থেকে নিজের দেশে। তখনো ট্রেন থামেনি, এখনো থামল না। সেদিনও চোখের ধারায় ভেসেছিলেন কামাল, আজও ভাসলেন। আসা- যাওয়ার মাঝখানে শুধু থেকে গেল এই অশ্রুময় ভালবাসা আর শ্রদ্ধাটুকু।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news