চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে মাস্টারস্ট্রোক দিলেন ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন (Joe Biden)। নির্বাচনে নিজের সঙ্গী হিসেবে তিনি বেছে নিলেন অ-শ্বেতাঙ্গ এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিসকে (Kamala Harris)। রিপাবলিকান (Republican) প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য এবার যৌথভাবে লড়াই করবেন বিডেন এবং কমলা। এই প্রথম আমেরিকার উপ রাষ্ট্রপতি পদের জন্য দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত অ-শ্বেতাঙ্গ কোনও ব্যক্তি লড়াই করছেন। মঙ্গলবার টুইটার হ্যান্ডেলে জো বিডেন লেখেন, “আমার খুবই ভাল লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের মহিলা ও এই দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।”
I have the great honor to announce that I’ve picked @KamalaHarris — a fearless fighter for the little guy, and one of the country’s finest public servants — as my running mate.
— Joe Biden (@JoeBiden) August 11, 2020
ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের এই ঘোষণার পরেই টুইটারে প্রতিক্রিয়া দেন হ্যারিস। তিনি লেখেন, “আমি জো বিডেনের এই প্রশংসায় মুগ্ধ। তাঁর সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি তৈরি। জো বিডেন আমেরিকার মানুষকে একত্রিত করতে পারবেন, কারণ সারা জীবন তিনি এই কাজই করে গিয়েছেন। এবং প্রেসিডেন্ট হিসেবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এক আমেরিকা তৈরি করবেন তিনি।” কমলা হ্যারিসের রাজনৈতিক জীবনে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকল তাঁর নাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায়। কারণ, তিনি যদি এবারের নির্বাচনে জিততে পারেন, তাহলে ২০২৪ ও ২০২৮ সালে তিনি এমনই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন। যা ভারতীয়দের পক্ষে হবে গৌরবের। কমলা হ্যারিসের বাবা জামাইকার বাসিন্দা। তাঁর মা ভারতীয়। তবে ছোটবেলা থেকেই আমেরিকার বাসিন্দা কমলা হ্যারিস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news