পার্থসারথি পাণ্ডা:
নক্ষত্রের গা বেয়ে আষাঢ়ের জল চুঁইয়ে পড়ছে পৃথিবীর বুকে। টুপ টুপ টুপ। ধারাস্নানে ভিজছে চরাচর। এ কেবল তার বৃষ্টি যাপনের কাল। এই কাল স্থায়ী হবে মাত্র তিনদিন। অম্বুবাচী প্রবৃত্তিতে শুরু, নিবৃত্তিতে শেষ। এই তিনদিন পৃথিবী ঋতুমতী হন। বছরে একবার।
সেই আদিম যুগে সংস্কৃতি ভাবনার সূচনা থেকে পৃথিবীকে আমরা মাতৃরূপে কল্পনা করেছি। নারীরূপে কল্পনা করেছি। তাই তার ঋতুকালের কথাও ভেবেছি। অম্বুবাচী পর্বের জন্মই হয়েছে এই ভাবনা থেকে। আদিম যুগ থেকেই ঋতুমতী নারীকে আমরা অশুচিজ্ঞানে দূরে সরিয়ে রেখেছি, কোন শুভকাজে তাকে অংশ নিতে দিইনি। পৃথিবীও সেই অশুচি ভাবনা থেকে ছাড় পাননি। তাই এই তিনটে দিন মাটিতে চাষের কাজ করা হয় না। আগে বেশিরভাগ মানুষই মাটিতে উনুন কেটে রান্না করতেন, কিন্তু অশুচি পৃথিবীর গায়ের ছোঁয়ায় রান্না করলে সেও হয় অশুদ্ধ। তাই এই তিনটি দিনেই অরন্ধনের ঐতিহ্য। শুধুই ফলাহারের দিন।
আগে মাতৃরূপে আমরা কল্পনা করেছি প্রকৃতিকে, পৃথিবীকে। তারপর এসেছে দেবী ভাবনা। দেবীরা মা, নারী। অম্বুবাচী তাঁদেরও ঋতুর কাল। তাই এ-সময় তাঁদের পুজো হয়না, মন্দির বন্ধ থাকে। পুরুষের কাছে ভক্তি পেয়ে, মাতৃত্বের স্বাদ পেয়েও দেবীমা পুরুষের অশুচিভাবনা থেকে মুক্তি পান না।
কালের স্রোতে কাল চলে যায়। সেই স্রোতের ধারায় পুরুষতান্ত্রিক ভাবনাজাত নারীকে দূরে সরিয়ে রাখার ঐতিহ্য আজ নিছক ধরণীমায়ের বিশ্রাম আর ফলাহারের আনন্দময় উৎসব হয়ে উঠেছে। ঐতিহ্যের এও এক লীলা…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news