চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এবার করোনা ভাইরাসের সংক্রমণের থাবা পড়ল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সূত্রের খবর, সম্প্রতি কল্যান বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বাড়ির দুই নিরাপত্তারক্ষীর শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ মিলেছে। তাই তাদের সংস্পর্শে আসার সুবাদে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তৃণমূলের এই আইনজীবী সাংসদকে। সপরিবারে তাঁকে কোয়ারান্টিনে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সমস্ত সদস্যের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে শ্রীরামপুরের (Shreerampur) সাংসদ সহ গোটা পরিবার করোনায় সংক্রমিত হয়েছেন কিনা। এক ভিডিও বার্তা প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর পরিবারের ১২ জন সদস্যের কোভিড পরীক্ষা হলেও। এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি তিনি। তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সম্প্রসারিত হওয়াকে বিজেপির অপপ্রচার বলে অভিযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদ।
বুধবার তৃণমূল (TMC) ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্যান বন্দ্যোপাধ্যায়ের একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়ার কর্মসূচি ছিল। সূত্রের খবর, কোভিড আক্রান্ত নিরাপত্তারক্ষীদের সংস্পর্শে আসার খবর জানার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই সংবাদ সম্মেলন বাতিল করে দেওয়া হয়। এদিন শ্রীরামপুরের সাংসদের কালীঘাটের তিনতলা বাড়ি সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে বলে সূত্রের খবর। এমনিতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রায় প্রতিটি বাড়িকে নজরে রেখেছে রাজ্য প্রশাসন।
সূত্রের খবর, সম্প্রতি বিহার থেকে এক ব্যক্তি করোনা সংক্রমণ নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আসেন। তারপরই একে একে একাধিক ব্যক্তি সংক্রমিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রীর পাড়ায়। তার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh) কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। করোনা সংক্রমণ নিয়ে প্রথমে তাঁকে আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরে এই তৃণমূল বিধায়ককে স্থানান্তরিত করা হয় বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ৩০বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন তমোনাশ ঘোষ।
তমোনাশ ঘোষ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী সরকারি বাস পরিষেবা চালু করার নির্দেশ দিলে কাজের প্রয়োজনে ফলতার বিধায়ককে যেতে হয়েছিল দুর্গাপুরে। সেখানেই তিনি সংক্রমিত হন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পাড়াতে একাধিক করোনা সংক্রমনের হদিস মিলেছে। প্রশাসনের পক্ষ থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাতায়াত নিয়ন্ত্রিত হয়েছে সাধারণ মানুষের। এলাকা স্যানিটাইজ করার পাশাপাশি, চলছে থার্মাল চেকিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news