নিজস্ব সংবাদদাতা:
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন পোস্টার ও তার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসারের গ্রেফতারের ঘটনা অন্য মোড় নিতে চলেছে। বিজেপি নেতা ও এবারের নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত প্রার্থী দেবজিত সরকার ইতিমধ্যেই আদালতে যাবার হুমকি দিয়েছেন। উল্লেখ্য পোস্টার কাণ্ডে ধৃত পুলিশ অফিসার সমীর সরকার দু’দিন আগে চ্যানেল হিন্দুস্তানের ক্যামেরার সামনে বলেছিলেন, নির্বাচনে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য খেটেছেন, তার পরিশ্রমের প্রতিদান তিনি এভাবে পাবেন তিনি পারেননি… ইত্যাদি ইত্যাদি।
পুলিশ অফিসারের এ হেন বক্তব্যের পরেই হইচই শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপিও বিষয়টির গুরুত্ব বুঝে নড়েচড়ে বসে। একজন পুলিশ অফিসার নিজ মুখে কল্যাণকে নির্বাচনে সাহায্য করার কথা বলছেন, মমতার প্রশাসন তথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানানোর এমন সুযোগ হাতছাড়া করেনি বিজেপিও। দেবজিৎ সরকার বলেছেন, ‘আমাকে হারানোর জন্য তৃণমূল পুলিশের সাহায্য নিয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিস্কার।’
দেবজিতের আরও বক্তব্য, ‘এতদিন লোকমুখে শোনা যেত রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস, এবার তো পুলিশ নিজেই স্বীকার করছে তাদের ভূমিকার কথা।’ তিনি বলেন, “দলের মধ্যে আলোচনা করে আমরা অবশ্যই আদালতে যাব।”
এই খবর লেখা পর্যন্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তবে শোনা গেছে, ঘনিষ্ঠ মহলে সাংসদ বলেছেন, পুলিশ যেহেতু তখন নির্বাচন কমিশনের অধীনে ছিল তাই এই ধরনের অভিযোগ কোনও ভাবেই তাঁকে স্পর্শ করতে পারে না।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, মামলা হলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে। এমনকি নির্বাচন কমিশনও এই মামলায় জড়িয়ে যেতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news