নিজস্ব সংবাদদাতা:
মৃত্যু অনেক ক্ষেত্রে মানুষকে প্রকাশ করে। মরার পর জানা যায়, লোকটা অমুক ছিল, তমুকও। যদিও বেঁচে থাকতে লোকটা তত পাত্তা পেত না। এই যেমন ৮১ বছর বয়সে কাদের খানের মৃত্যুর পর হিন্দি ছবির দর্শক জানতে পারল লোকটা শুধু বাণিজ্যিক ছবির দাপুটে অভিনেতাই ছিলেন না, এইসঙ্গে ছিলেন বহু বহু জনপ্রিয় ছবির সংলাপ রচয়িতা। জেন রাখুন, হিন্দি ও অন্য ভাষা মিলিয়ে ২৫০টির বেশি ছবির সংলাপ লেখকের নাম কাদের খান।
পাশাপাশি ১৯৭০ থেকে যত দিন শরীর দিয়েছে ততদিনে ৪৫০টির বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। আবার হাসনা মাত, মিঃ ধনসুখ, হাই পাড়োশী..কৌন হ্যায় দোসী-র মতো ছোট পর্দার কাজও করেছেন। অভিনেতা হিসেবে সম্মান, পুরস্কার পেয়েছেন।

১৯৩৫-এর ২২ অক্টোবর আফগানস্তানের কাবুলে জন্মগ্রহন করেন কাদের খান। তাঁর যখন এক বছর বয়স তখন পরিবার মুম্বইয়ে (তৎকালীন বোম্বে) চলে আসে৷ জানা যায়, বড় হয়ে কলেজের বার্ষিক অনুষ্ঠানে একটি নাটকে অভিনয় করে সকলের নজরে পড়েন কাদের। এমনকী তৎকালীন বলিউডের ম্যাটিনি আইডল দিলীপ কুমার সেই অভিনয়ের কথা জানতে পারেন৷ এইসঙ্গে যুবক কাদের দিলীপকুমারকে নিজের অভিনয় দেখার জন্য আমন্ত্রণ জানান। এবং কাদেরর জীবনের চাকা ট্র্যাকে এসে যায়। যুবক অভিনেতার কাজে মুগ্ধ হন দিলীপ কুমার। পরবর্তী দুই ছবিতে কাজ করার প্রস্তাব দেন। উল্লেখ্য, যার একটি সাগিনা মাহাতো৷

একের পর এক ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা৷ যাদের মধ্যে উল্লেখযোগ্য, গঙ্গা যমুনা সরস্বতী , শরাবি, কুলি, দেশপ্রেমী, লাওয়ারিস, মুকদ্দর কা সিকন্দর, অমর আকবর অ্যান্টনি। মনে রাখতে হবে, অমিতাভ বচ্চন অভিনীত মিঃ নাটওয়ারলাল, খুন পাসিনা, দো অর দো পাঁচ, সাত্তে পে সাত্তা, ইনকিলাব, গিরেফতার, হম এবং অগ্নিপথের মতো ছবির সংলাপ লেখক ছিলেন কাদের খান ।
স্নায়ুতন্ত্রের অসুখে ভুগছিলেন বর্ষিয়ান অভিনেতা৷ কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন৷ ভেন্টিলেশনে ছিলেন৷ ছেলে সরফরাজের কথা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ প্রয়াত হন কাদের খান৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news