নীল রায়
আগামী ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পাটি ও বহুজন সমাজ পাটি জোটের প্রার্থী হতে পারেন বাংলার কিরণময় নন্দ। সম্প্রতি সমাজবাদী পাটি সূত্রে এমনটাই জানা গিয়েছে। যেই কারণে কিরণময় নন্দকে ইতিমধ্যে বারাণসীতে দলের কর্মসূচীতে যোগদানের নির্দেশ দিয়েছেন সভাপতি অখিলেশ যাদব। অল্প সময়ের মধ্যেই উত্তরপ্রদেশের সপা দলের প্রথম সারির নেতা হয়ে উঠেছেন একদা বাংলার বাম রাজনীতির অন্যতম মুখ কিরণময়। বর্তমানে উত্তরপ্রদেশের ঘরোয়া রাজনীতিতে অখিলেশ যাদব ও তাঁর কাকা রামগোপাল যাদবের পর সবচেয়ে প্রভাবশালী নেতা তিনিই। তাই দলের এমনই একজন প্রথমসারির নেতাকেই বিজেপির প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াইয়ের ময়দানে নামাতে চান অখিলেশ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো জাতীয় স্তরের নেতার বিরুদ্ধে কিরণময় প্রার্থী হয়ে দলের প্রতি নিজের আনুগত্যের প্রমাণ দিতে চান। উত্তরপ্রদেশে সপা-বসপা ও আপনা দলের জোট চুড়ান্ত। কংগ্রেস এই জোটে সামিল না হলেও, তারা যে বিজেপিকে যথেষ্টই বেগ দিতে পারবেন সে বিষয়ে আত্মবিশ্বাসী অখিলেশ-মায়াবতী-অজিত সিংহ। কারণ এই ত্রয়ীই গোরক্ষপুর, ফুলপুর ও কৈরাণ লোকসভার উপভোটে বিজেপিকে ধরাশায়ী করেছিল। এমতাবস্থায় আর রাজনৈতিক তরজা না বাড়িয়ে প্রার্থী চয়নের বিষয়ে মন দিয়েছেন অখিলেশ যাদব। আর সেই কারণেই কিরণময় নন্দকে বারাণসীতে দলের প্রার্থী হিসেবে দাঁড় করানো নিশ্চিত হয়েছে বলেই সূত্রের খবর। বর্তমানে কিরণময় নন্দ রয়েছেন উত্তরপ্রদেশে। তাঁর প্রার্থীপদ নিয়ে তাঢকে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কোনও উত্তর দিতে চাননি তিনি। প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ২০১১ অবধি পুব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন কিরণময় নন্দ। ১৯৭৭ সালে জনতা পার্টি থেকে বিধায়ক হলেও, ১৯৮২ সাল থেকে ওয়েস্ট বেঙ্গল সোশালিস্ট পার্টি গড়ে বামফ্রন্টের শরিক হিসেবে ভোটে লড়াই করে সরকারে সামিল হন। টানা ২৯ বছর পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীও ছিলেন। ২০০৯ সালে ডিলিমিটেশনে মুগবেড়িয়া বিধানসভা বিলুপ্ত হলে, ২০১১ সালের ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মোহিত সেনগুপ্তর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন। তার ঠিক দেড় বছর আগে ওয়েস্ট বেঙ্গল সোশালিস্ট পার্টিকে মিশিয়ে দেন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে। ফলে ২০১১ সালে তিনি রায়গঞ্জে প্রার্থী হয়েছিলেন সপার প্রতীকে। ২০১২ সাল থেকে আর বাংলার রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই তাঁর। সেই বছরই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে সমাজবাদী পাটি। মুখ্যমন্ত্রী হন অখিলেশ যাদব। পিতা মুলায়মের হাত ধরে সপায় যোগ দেওয়া কিরণময় ধীরে ধীরে ঘনিষ্ঠ হন অখিলেশের। ২০১২ সালে উত্তরপ্রদেশ থেকে তাঁকে রাজ্যসভায় পাঠান মুলায়ম সিংহ যাদব। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে সপা পরিবারে পিতাপুত্রের গৃহযুদ্ধ শুরু হলে অখিলেশের পক্ষে ছিলেন কিরণময়। বিধায়ক কমে যাওয়ায় ২০১৮ সালে সপা-র পক্ষে আর রাজ্যসভায় যাওয়া হয়নি কিরণময় নন্দের। তাই লোকসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া পাকা। সব ঠিকঠাক চললে বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রাথী হচ্ছেন এই বঙ্গ সন্তানই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news