ওয়েব ডেস্ক:
কচুয়ার লোকনাথধামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অসমর্থিত সূত্রে ৫ জনের মৃত্যুর কথা জানা গেলেও সরকারি ভাবে ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এইসঙ্গে আরও ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। একথা আজ সকালে নিজেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
সকালে আহত পূণ্যার্থীদের দেখতে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। অন্যান্যবারের তুলনায় কচুয়ায় বেশি ভিড় হয়েছিল। তার ওপর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতেই অনেকে রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলিতে আশ্রয় নেয়। হুড়োহুড়িতে পড়ে যায়। পাশেই পুকুর ছিল। অনেকে পুকুরে পড়ে যান। পাঁচিল ভেঙে যায়। এরফলে দুর্ঘটনা ঘটেছে।” এরপর এসএসকেএম-এও আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী।
কিন্তু কেন কচুয়ায় ভিড় সামলানোর ব্যবস্থা ছিল না স্থানীয় প্রশাসনের তরফে। যেমনটা বহু তীর্থস্থানে সরকারি ভাবে হয়ে থাকে। সরাসরি এ’কথার জবাব দিতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্টে বলেন, এমন ঘটনা এবারই প্রথম ঘটল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news