রুদ্ররূপ মিত্র :
আরো একবার… … … …
বড় অন্যরকম একটা দিন। মেঘে ঢাকা বৃষ্টিতে ভেজা আবেগ মাখা নিঝুম দ্বীপ হয়ে আছে আমার এই আলো আঁধারে ভরা ঘরটা।
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখী, আঁধারে ভেসে গেছে আর সব।
মনে হয় সব কাজ থাক, ছাড় জগৎ পালন সৃষ্টি ও মায়াবিবরণ, আমার সামনে চুপটি করে বসে থাক ঈশ্বরী, বাইরে বৃষ্টি চলুক।
সারারাত কাল জেগে কাটালাম, অনেকদিন পর কোনো কারণ ছাড়াই এমন জেগে থাকা, রাত্রির সাথে।
কতবার মনে হয়েছে জাগিয়ে দি, জাগিয়ে রাখি, বলি জেগে থাক।
বলি বক বক কর,
বলি, খুব আলতো গলায় গেয়ে ওঠ প্রিয় কোনো গান।
বলি, ভালোবাসা হয়না তোর? দুর্বোধ্য পাগলামি?
প্রথম যখন বৃষ্টি নামলো, আমি তখন ছাতে, একা, অদ্ভুত একটা মুহূর্ত। আকাশে স্তব্ধতার নিশান ওড়ে। বাস্তবতা তার সব ভানুমতি নিয়ে লুপ্ত হয়ে গেছে।
ঈশ্বরীর ঘুমন্ত কপালে চুল এলিয়ে আছে, প্রতি কোষে বিজড়িত আমার সর্বনাশ।
মনে হয় ইস, কত কথা ছিল, বলাই হলোনা।
মনে হয় জানতেও না দিয়ে সে চুল সরিয়ে দিয়ে নিঃশব্দে বলি, ঈশ্বরী, প্লাবনের আগে, আরো একবার নতুন করে প্রেমে পড়ি।
এসব পাগলামি নিয়ে রাত কাটে, এসব পাগলামি নিয়ে ভোর হয়।
মনে পড়ে যায় কতদিন দেখিনি তোকে, মনে পড়ে হয়তো আর দেখা হবেনা তোর সাথে। কখনও।
মেঘলা দিনের সমস্ত বিষন্নতা বুকে নিয়ে অসময়ে ঘুমিয়ে পড়ি, বৃষ্টি ভেজা চুলে বালিশ ভিজে যায়।
আমার ভালোবাসা আমার বয়স বাড়তে দেয়না।
একটা প্রলয় হওয়ার কথা ছিলো, সে ঝড় আসেনা।
সমুদ্র আকাশে ওড়ে মৃত পাখিদের আত্মা, নাভিঘ্রান,
আততায়ী প্রেম মাথা নিচু করে ফিরে যায়।
ঈশ্বরী,
একা লাগে,
বড়ো একা লাগে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news