নিজস্ব সংবাদদাতা:
আরও একবার মুখ পুড়ল রাজ্য সরকারের। আরও একবার হাসির খোরাক হতে হল রাজ্য সরকারকে। নেপথ্যে সরকারেরই পক্ষ থেকে ঘটা করে ‘চাকরি মেলা’-র কথা ঘোষণা করা আবার মেলা শুরুর একদিন আগেই তা প্রত্যাহার করে নেওয়া। স্কুলছুট হওয়া বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার উদ্দ্যেশ্য ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ‘উৎকর্ষ বাংলা’ নামে এক প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল বেকার যুবাদের বিভিন্ন হাতের কাজ শিখিয়ে তাদের চাকরির জন্য উপযোগী করে গড়ে তোলা। কারিগরি শিক্ষা দফতরের অধীনে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটা জেলায় এর জন্য প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই স্বনির্ভর হয়েছেন বেশকিছু যুবক যুবতী। কিন্তু এই যে চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন (সব বেসরকারি ক্ষেত্রে) তার প্রচার ঠিক মতো হচ্ছে না। তাই ভোটের বছরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একযোগে চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারলে তাতে মিডিয়া ও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রচার পেত। কিন্তু শেষমেশ সোমবার সেই ‘জব ফেয়ার’ আপাতত বন্ধ বলে ঘোষণা করলেন কারিগরি শিক্ষা দফতরের প্রধান সচিব রোশনি সেন।
কারণ হিসাবে তিনি জানালেন, ‘বিধানসভা অধিবেশন চলছে, এক্ষেত্রে ওই সময় এই ধরনের ফেয়ার করতে গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, তাই আপাতত বন্ধ করা হল জব ফেয়ার। রোশনি সেন আরও বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াই অনেকে এই মেলায় আসতে চাইছে। তারা মনে করছে এই মেলায় আসলেই চাকরি হয়ে যাবে। কিন্তু জব ফেয়ারের প্রবেশ ছিল আমন্ত্রণমূলক। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তদের হাতেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ছিল।’ প্রশ্ন উঠছে এই মেলার কথা যখন ঘোষণা করা হয় তখন বিধানসভা অধিবেশন চলার কথাও জানা ছিল। ফলে এখন অধিবেশন চলার যুক্তি কতটা যুক্তিযুক্ত। এদিকে নবান্ন সূত্রে খবর, আসল গোলোযোগ অন্য জায়গায়। আসলে যে ৫০০০ নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার কথা ছিল, প্রধান সচিব জানতে চাইছেন তত সংখ্যক নিয়োগপত্র কি সত্যি এসে পৌঁছেছে কারিগরি শিক্ষা দফতরের হাতে !
একসময় এই মেলার উদ্বোধন করার কথা ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর। কিন্তু নিয়োগপত্রের সংখ্যা আশানুরূপ না হওয়ায় বাতিল করা হয় সেই সিদ্ধান্ত। এরপর ঠিক করা হয় অর্থমন্ত্রী অমিত মিত্রকে দিয়েই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত আশানুরূপ নিয়োগপত্র যোগাড় করতে না পারায় এ যাত্রায় বাতিল করে দেওয়া হল ‘জব ফেয়ার’।
নিজস্ব প্রতিনিধি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news