নীল বণিক:
ডিসেম্বরেই মমতার রাজ্যে পা রাখছেন মোদী। বিজেপির রথযাত্রা কর্মসূচি চলাকালীন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট চারটি জনসভায় অংশ নেবেন তিনি। এবিষয়ে ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাঁচ রাজ্যে ভোটের কারণে রথযাত্রা সাময়িক ভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। এক মাস ধরে এই কর্মসূচি চলবে। প্রতি সপ্তাহে একদিন করে এই রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
রথযাত্রা কর্মসূচিতে রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না বলে এদিন অভিযোগ করেন বিজেপির নেতারা। আর সেই অভিযোগ জানাতে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। রাহুল সিনহা অভিযোগ করে বলেন, তৃণমূল ভয় পাচ্ছে তাদের এই রথযাত্রা নিয়ে। তাই প্রশাসন অসহযোগিতা করে চলেছে।
অভিযোগ শুনে রাজ্যপাল জানিয়েছেন এবিষয়ে রাজ্যের অাধিকারিকদের সঙ্গে কথা বলবেন। রাজভবন থেকে বেরিয়ে এমনটাই দাবি করেন রাহুল সিনহা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news