চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
থুতু ফেলে, কেশে করোনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিল দিল্লির জেএনইউ-এর (JNU) এক ছাত্র। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধস্তাধস্তি করে তিনি খুলে দেন নিরাপত্তরক্ষীদের মাস্কও। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর বুধবার রাত আটটার সময় প্রণব মেনন নামে ওই ছাত্র ইউনিভার্সিটির নর্থগেট-এ এসে ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে বোঝান যে এই সময় এভাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরনো সম্ভব নয়। বাধা পেয়ে মেনন গেটের সামনেই বসে পড়েন।
নিরাপত্তারক্ষীর তাঁকে ভিতরে যেতে বললে ক্ষেপে যান ওই ছাত্র। তিনি বলেন বাইরে বেরোতে না দিলে থুতু ফেলে কেশে তিনি সারা ক্যাম্পাসে করোনা ছড়িয়ে দেবেন। নিরাপত্তরক্ষীরা বাধা দিতে গেলে তিনি তাঁদের ওপর চড়াও হন। টেনে তাঁদের মাস্ক খুলে দেন।এরপরই ওই ছাত্রের বিরুদ্ধে সংক্রমণ ছড়ানোর চেষ্টা, অন্যকে আঘাত করার চেষ্টা সহ মোট পাঁচটি ধারায় অভিযোগ দায়ের করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news