নিজস্ব সংবাদদাতাঃ
ঝাড়্গ্রামঃ ৪ অক্টোবরঃ প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারীতার অভিযোগ। ঝাড়গ্রাম ব্লকের যে সকল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়ে গেলেও বিজেপির দখলে আসা গ্রাম পঞ্চায়েতগুলিতে আজও বোর্ড গঠন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে জেলার বিজেপি কর্মীরা।
ঝাড়গ্রাম জেলায় এবার ২৫ গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে বিজেপি। এর মধ্যে দুটি পঞ্চায়েত সমিতি সহ সব কটি গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গঠন হয়ে গেলেও ঝাড়গ্রাম ব্লকের লেদাবহড়া, শালবনী, পাটাশিমুল ও সরডিহা গ্রাম পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন আটকে রয়েছে। এই পঞ্চায়েত চারটিতে বিজেপি সব আসনে জয়ী হয়েছে। শাসক দল তৃণমূল একটি আসনও পায়নি। এই পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের দায়িত্বপ্রাপ্ত বিডিও কোনও দায়িত্ব নিতে চাইছেন না বলে অভিযোগ বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সতপথির। তিনি বলেন, এই চারটি পঞ্চায়েত এলাকার মানুষ যে প্রত্যাশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, বোর্ড গঠন করতে না দিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণে বাধা দিচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অভিযোগ, বিজেপির জয়ী সদস্যরা বিডিও অফিসে গেলে বিডিও বলছেন তিনি কিছু জানেন না। জেলাশাসক বলছেন, এই মুহূর্তে কিছু করা যাবে না।
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এই তুঘলকি নীতির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভ অনশন আন্দোলনে নামছে। এদিকে ২৯ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news