নীল রায়।
লোকসভা ভোটে বাংলার শাসক দলকে জঙ্গলমহলে জোর ধাক্কা দিয়েছিল বিজেপি। এবার ঝাড়গ্রাম পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রম মল্লদেবকে যোগদান করিয়ে ‘মাস্টার স্ট্রোক’ দিল তাঁরা। রবিবার ঝাড়গ্রাম শহরের এক জনসভায় বিক্রম মল্লদেবের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে তৃণমূলের শতাধিক কর্মী যোগ দিলেন গেরুয়া শিবিরে। ঘটনাচক্রে এই মল্লদেবরা ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য।
যোগদানের পর বিক্রম মল্লদেব বলেন, “আমি খুব ভাগ্যবান যে দিলীপদার হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারলাম। এখন থেকে দিলীপদা ও মুকুলদার হাত ধরে কাজ করব। বাংলায় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করব।” যোগদানপর্বের পর ঝাড়গ্রামে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই দিলীপ ঘোষ বলেন, “আজকের জনসভা জানান দিয়ে দিচ্ছে আগামী পৌরসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে দূর করে দেবেন এখানকার বাসিন্দারা। আমরা বিক্রম মল্লদেবকে নিজেদের দলে পেয়ে এই এলাকায় শক্তিশালী হলাম।” ঝাড়গ্রামের রাজ পরিবারের সদস্যদের তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে খুশি পদ্ম শিবিরের নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news