নিজস্ব প্রতিবেদন:
অবশেষে খোঁজ মিলল চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, “চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। চাঁদের কক্ষপথে ঘুরতে থাকে অরবিটার বিক্রমের কিছু ছবি তুলেছে। বিক্রমের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।”
৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে চন্দ্রযান নামিয়ে ইতিহাস রচনা করত ইসরো। চাঁদের দক্ষিণ প্রান্তে রাত ১:৫৩ মিনিটে নামার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু ল্যান্ডিং এর ৬৯ সেকেন্ড আগে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। এর পর ইসরো সূত্রে জানানো হয়েছিল, এই অভিযান ৯৯ শতাংশ সফল হয়েছে। একদম শেষ মুহূর্তে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
এদিন কে শিবন বলেন, ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং প্রক্রিয়া একদম ঠিকঠাক ছিল। যখন চন্দ্রযান চাঁদের ভূপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিমি দূরে ছিল তখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এখন আমরা অরবিটার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছি। আমরা আগামী ১৪ দিন সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাব।
চন্দ্রযান-২ এর অরবিটার থেকে বিক্রম আলাদা হয়ে যায়। ওই অরবিটার এখনও চাঁদের ভূপৃষ্ঠ থেকে ১১৯ কিমি থেকে ১২৭ কিমি উঁচুতে প্রদক্ষিণ করছে। ২৩৭৯ কেজি অরবিটারের সঙ্গে ৮ টি পে-লোড যুক্ত রয়েছে। যা ৭ বছর কাজ করতে সক্ষম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news