নিজস্ব সংবাদদাতাঃ
কোচবিহারঃ দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতার হাতে কার্বাইন! সোস্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই উত্তাল জেলার রাজনীতি। এতদিন বোমা পিস্তলের মধ্যেই যা সীমিত ছিল সেটাই এখন কার্বাইন জাতীয় আগ্নেয়াস্ত্রে পৌছে যাওয়ায় চক্ষু চরকগাছ পুলিশেরও। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
বারে বারে বোমা গুলির শব্দে কেঁপে উঠেছে দিনহাটা। পঞ্চায়েত ভোটের আগে থেকে দিনহাটায় যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রক্তক্ষয়ী দন্দ চলছে। তা এখনও বর্তমান। আর এরই মধ্যে এক তৃণমূল কংগ্রেস নেতার হাতে কার্বাইন!
কার্বাইন হাতে তৃণমূল কংগ্রেস নেতার ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। জানা গেছে নরেশ দেবনাথ নামে ওই তৃণমূল কংগ্রেস নেতা আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের উপ প্রধান মধুমিতা অধিকারির স্বামী। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে তিনি কার্বাইন হাতে একটি ছবি দিয়েছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে। বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের রাজত্বে এই রাজ্য একটি বারুদের স্তূপে পরিনত হয়েছে তা আরেকবার প্রমানিত হল। বিজেপি নেতা নিখিল রঞ্জন দে অভিযোগ করেন, তৃণমূল নেতাদের হাতে কার্বাইনের মত অস্ত্র ঘুরছে আর পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না, অন্যদিকে বিনা অপরাধে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এই ঘটনায় তদন্তের দাবি করেছেন তিনি। আগামী চার দিনের মধ্যে এই তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার না হলে তাঁরা পুলিশ সুপারের দফতর ঘেরাও করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।
যদিও এই ঘটনা জানেন না বলে দাবি করেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ, এদিন তিনি বলেন, ‘এই ব্যাপারে কিছু জানা নেই, যদিও কেউ এমনটা করে থেকে তবে পুলিশ যথাপযুক্ত ব্যবস্থা নিক আমি চাইব,’ যদিও এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা বা তাঁর স্ত্রীর। দুজনেই মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ সুপার ভোলা নাথ পান্ডে জানিয়েছেন, ঘটনাটি নজরে এসেছে পুলিশের। তদন্ত করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news