নিজস্ব সংবাদদাতাঃ
বাঁকুড়াঃ নতুন করে হাতির আক্রমণে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কালজুড়ি গ্রামে। বারেবারে হাতির আক্রমণের ঘটনায় রাতের ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের।
রবিবার রাতে বাঁকুড়ার বেলবনী বিট এলাকার কালজুড়ি গ্রামে দুটি দলছুট রেসিডেন্সিয়াল হাতি তাণ্ডব চালায়। এই আক্রমণে একটি গুমটি, দু’টি দোকানঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ঐ দুটি হাতি গ্রামের একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা-জানালা ভেঙ্গে মজুত করা চাল খায় বলে অভিযোগ। অভিযোগ, ওই গ্রামটিতে বার বার হাতির পাল আক্রমণ করে। যার ফলে বেশ কয়েক বিঘা ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিন আগেই বেলিয়াতোড়ের বৃন্দাবনপুর গ্রামে একই কায়দায় ওই হাতি দুটি আক্রমণ চালিয়ে দোকান, বাড়ি ও অঙ্গনওয়াড়ি ভাঙ্গচুর করে। বার বার ঐ দলছুট রেসিডেন্সিয়াল হাতি দু’টির আক্রমণে অতিষ্ঠ গ্রামের মানুষ। সম্পত্তি হানির ঘটনা তো ঘটছেই, একই সঙ্গে প্রাণহানির আশঙ্কায় এলাকার মানুষ। সন্ধ্যে নামার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।
হাতির তান্ডবের খবর পেয়ে বেলবনী বিটের আধিকারিক গ্রামে এলে কালজুড়ির মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। বন দপ্তরের উদাসীনতায় বার বার হাতির আক্রমণের ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ। অবিলম্বে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে অনড় থাকেন এলাকার মানুষ। অবিলম্বে তা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকাবাসীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news