ওয়েব ডেস্ক:
রামপুরহাট, ১ অক্টোবর: গানের কোম্পানির দাবির বিরুদ্ধে এবার পথে নামল রামপুরহাট সাব ডিভিশন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। সোমবার বেলা ১১ টার সময় তারা রামপুরহাট হাইস্কুল মাঠ থেকে একটি মৌন মিছিল বের করে। ফটোগ্রাফির পেশার যুক্ত প্রায় শতাধিক ফটোগ্রাফার এদিনের মিছিলে পা মেলান। যাদের হাতে ছিল ক্যাসেট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান লেখা প্ল্যাকার্ড।
মৌন মিছিল রামপুরহাট শহর পরিক্রমা করে প্রথমে রামপুরহাট পৌরসভা অবধি যায়। ফটোগ্রাফাররা পৌরপ্রধানকে স্মারকলিপি জমা দেন। রামপুরহাট মহকুমা শাসকের কাছেও আরও একটি স্মারকলিপি জমা দেন প্রতিবাদিরা।
সংগঠনের সভাপতি সুজয় সেনগুপ্ত, সাধারণ সম্পাদক পুষ্পেন মণ্ডলরা বলেন, ‘আমরা বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিংয়ের পর দু একটি গান দিয়ে মিক্সিং করে কাস্টোমারদের হাতে তুলে দিই। তার বিনিময়ে সামান্য উপার্জন করি। কিন্তু এখন একটি ক্যাসেট কোম্পানি গান নেওয়ার জন্য বছরে ১৫ হাজার টাকা দাবি করছে। কিন্তু ওই মোটা অঙ্কের টাকা আমরা কোথা থেকে দেব! কারণ আমরা কাজ করে বছরে আয় করি ৫০-৬০ হাজার টাকা। ফলে কোম্পানির দাবি মতো টাকা দিতে গেলে আমাদের কিছুই থাকবে না। অথচ যারা টাকা দিচ্ছে না গান চুরির অপরাধে ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের আজকের মৌন মিছিল।’
ফটোগ্রাফাররা আরও জানান, ‘এরপর জেলা স্তরে আন্দোলন করা হবে। তারপর হবে নবান্ন অভিযান। আমরা ক্যাসেট কোম্পানির অন্যায় আবদার মানব না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news