নিজস্ব সংবাদদাতাঃ
পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: লালগড়ের পর চন্দ্রকোনা। লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার আতঙ্কের পর চন্দ্রকোনার কালাপাট গ্রামে হায়নার আতঙ্কে গৃহবন্দি মানুষ। ঘর থেকে বেরতে ভয় পাচ্ছেন তারা। বেরলেও হাতে লাঠি নিয়ে বের হচ্ছেন।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্রাম পঞ্চায়েতে কালাপাটে হায়নার কামড়ে আহত হয়েছেন ৬ গ্রামবাসী। আতঙ্কিত গোটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, গতকাল সন্ধ্যা থেকে একটি হায়না কালাপাট, খেজুরবনী গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। কালাপাট, বাঁশখা, খেজুরবনী সহ কয়েকটি গ্রামে ৬ গ্রামবাসী হায়নার কামড়ে আহত হয়েছেন। গ্রামের একটি গরুকেও কামড়ে জখম করেছে হায়না।
কালাপাট গ্রামের হাবিবুর রহমান বলেন, আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। গতকাল সন্ধ্যার পর থেকে শিয়ালের মত দেখতে হায়নাটিকে দেখতে পাওয়া গেছে। বন দপ্তরের কর্মীরাও দেখেছেন। গ্রামের অনেক মানুষকে কামড়েছে। একা স্কুলে যেতে ভয় পাছে পড়ুয়ারা। বড়রা গিয়ে দিয়ে আসছি। কালাপাট গ্রামের কবরস্থানের পাশের জঙ্গলে রয়েছে হায়নাটি। বনদপ্তরর সূত্রে জানা গেছে হায়নার মত দেখতে জন্তুটিকে ধরতে খড়গপুর থেকে বিশেষ টিম আসছে।
বনদপ্তরের ঘাটাল রেঞ্জ অফিসার আশিষ ব্যানার্জি জানান, গড়বেতার পানিকোটর জঙ্গল থেকে হায়নাটির আসার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকেও আসতে পারে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। জাল দিয়ে ধরার চেষ্টা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news