ওয়েব ডেস্ক:
গতকালই উপত্যকায় জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে সেনা। স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। যাঁরা ইতিমধ্যে যাত্রা করেছিলেন তাঁদের ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। এদিকে অমরনাথের পথে তল্লাশিতে মিলেছে বিস্ফোরক। যাতে আবার পাকিস্তানের চিহ্ন পাওয়া গিয়েছে। সরাসরি পাক যোগের দাবি করেছে সেনা ও জম্মু-কাশ্মীর প্রশাসন। সব মিলিয়ে চাপা উত্তেজনা ভূস্বর্গে। এরইমধ্যে সপ্তাহ খানিক আগে প্রায় ২৫ হাজার আধা সেনা পাঠানো হয়েছে সে রাজ্যে। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। আশঙ্কিত জম্মু ও কাশ্মীরের সাধারণ নাগরিকেরা। এমতবস্থায়, রাজ্যের সব রাজনৈতিক দলের উদ্দেশে শান্ত এবং গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল সত্য পাল মালিক।
প্রসঙ্গত, গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সজ্জদ লোন, ইমরান আনসারির মতো একাধিক রাজনৈতিক নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। জানতে চান, এই মুহূর্তে ৩৫-এ ধারা প্রয়োগে সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা। রাজ্যপাল জানান, আপাতত কেন্দ্রের এমন কোনও অভিসন্ধি নেই।
যদিও উপত্যকার সাধারণ নাগরিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকই পরে পরিস্থিতি কী হতে পারে ভেবে টাকা তুলে রাখতে এটিএম থেকে। ফলে দীর্ঘ লাইন দেখা যায় ব্যাঙ্কের কাউন্টারগুলিতে। জানা গিয়েছে, পেট্রোল, ওষুধ ইত্যাদি মজুত করতে শুরু করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, গতকালই সংসদে সন্ত্রাস বিরোধী ইউএপিএ সংশোধনী বিল পাশ হয়েছে। সব মিলিয়ে থমথমে উপত্যকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news